ওঙ্কার ডেস্ক: আর মাত্র কয়েকদিন বিগ বস সিজন ১৯ শুরু হতে আর বেশি দেরি নেই। জানা গিয়েছে, আগামী ২৪ অগস্ট প্রিমিয়ার হওয়ার কথা এই জনপ্রিয় রিয়েলিটি শো’র। প্রতিযোগীদের নাম নিয়ে চলছে জোর জল্পনা। আলোচনায় এবার নতুন নাম হিমাংশি নারওয়াল। তিনি পহলগামের জঙ্গি হামলায় নিহত নৌসেনা কর্মকর্তা বিনয় নারওয়ালের স্ত্রী এবং বিগবস OTT 2–এর বিজেতা এলভিশ যাদবের কলেজের সহপাঠী।
একাধিক রিপোর্ট অনুযায়ী, নির্মাতারা হিমাংশিকে শো’তে আনার কথা ভাবছেন। সূত্রের বক্তব্য, “নির্মাতারা এমন কিছু মানুষ চাইছেন যাদের সঙ্গে দর্শক তাৎক্ষণিকভাবে সংযোগ অনুভব করবে। সেই কারণেই হিমাংশি নারওয়ালের যোগদান নিয়ে বিবেচনা করা হচ্ছে। তবে এখনও নিশ্চিত কিছু নয়।” যদিও হিমাংশি তরফে এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রস্তাব পেলেও তিনি রাজি হবেন কিনা সেটাও ভেবে দেখার বিষয়।
কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল, ২০২৫’এ জঙ্গি হামলায় নিহত হন এই নৌসেনা কর্মকর্তা। তখন দম্পতি ছিলেন হানিমুনে। স্বামীর মৃতদেহের পাশে কান্নায় ভেঙে পড়া হিমাংশির ছবি মূহুর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এলভিশ যাদব পরে এক ভ্লগে জানান, হিমাংশি তাঁর কলেজের সহপাঠী ছিলেন। তিনি বলেন, “আমি ২০১৮–তে কলেজ শেষ করি। তখন থেকেই আর যোগাযোগ হয়নি। নম্বর ছিল, কিন্তু এমন পরিস্থিতিতে ফোন করা সম্ভব নয়।”
হিমাংশি অংশ নেবেন কি না তা এখনও ধোঁয়াশা। তবে শো–তে যোগ দেওয়ার জন্য যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন শৈলেশ লোধা, গুরুচরণ সিং, মুনমুন দত্ত, লতা সাবেরওয়াল, ফয়সাল শেখ, জন্নত জুবের, পুরভ ঝা, অপরূপা মুখিজার সঙ্গে রয়েছে আরও অনেকে।
