ওঙ্কার ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনীর বিশ্বজয়ের পর থেকেই নেটভুবনে জুড়ে ট্রেন্ডিং ‘চাকদহ এক্সপ্রেস’। বড়পর্দায় ঝুলন গোস্বামীর সংগ্রাম চাক্ষুস করার কৌতূহল সর্বস্তরে। এরপরই নাকি ‘টনক নড়েছে’ প্রযোজনা সংস্থার। সূত্রের খবর, সিনেপ্রেমীদের ক্রিকেট অনুরাগের কথা ভেবে ইতিমধ্যেই নেটফ্লিক্সের কাছে চিঠি গিয়েছে প্রযোজনা সংস্থার তরফে।
২০২২ সালেই ‘চাকদহ এক্সপ্রেস’-এর কাজ শেষ হয়েছে। যে সিনেমায় ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। কথা ছিল, নেটফ্লিক্স-এর পর্দায় মুক্তি পাবে সেই ছবি। বছর দুয়েক আগে ২০২৩ সালে প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হলেও বছর ঘুরতেই বদল ঘটে সেই কথায়! এদিকে অভিনেত্রীর কেরিয়ারের অনুতম প্রজেক্ট ঘিরে অনিশ্চয়তা। তবে জেমাইমাদের বিশ্বজয়ের পরই যেন হিসেব বদলে গেল। ‘চাকদহ এক্সপ্রেস’কে মুক্তির আলো দেখাতে কোমর বেঁধে নেমে পড়েছেন নির্মাতারাও।
বলিউডে কানাঘুষো, ক্লিন স্লেট ফিল্মজ-এর তরফে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রযোজনা সংস্থার বক্তব্য, “আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের কাছে চিঠি লিখে পাঠিয়েছি যাতে দ্বন্দ্ব মিটিয়ে ‘চাকদহ এক্সপ্রেস’ রিলিজ করেন তাঁরা। কারণ ঝুলনদির মতো একজন কিংবদন্তির ক্রিকেটারের জীবনের আঁধারে তৈরি এই সিনেমা দর্শকদের কাছে পৌঁছানো উচিত।” এই ছবি ঘিরে রয়েছে প্রশ্ন, কেন এত জটিলতা ছবি মুক্তি নিয়ে? জানা গিয়েছে, ছবি তৈরির ধরন নিয়ে আপত্তি তুলেছিলেন তাঁরা।
২০১৮ সালে শাহরুখ খানের ‘জিরো’ ছবির পর আর পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। ‘চাকদহ এক্সপ্রেস’ নিয়েই ব্যস্ত ছিলেন অনুষ্কা। তবে সেই সিনেমার মুক্তি আটকে থাকায় তাঁরও পর্দায় ফেরা হয়নি। এবার জল্পনা সত্যি হলে, সাত বছর বাদে ঝুলন গোস্বামীর বায়োপিকের হাত ধরেই প্রত্যাবর্তন করতে চলেছেন অনুষ্কা শর্মা।
