ওঙ্কার ডেস্ক: সংবাদ থেকে সমাজমাধ্যমে আলোচনায় জিতু-দিতিপ্রিয়া। নায়ক-নায়িকার সমস্যা এর আগেও সামনে এসেছিল। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’এর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল আলোচনাও। অবশেষে দ্বন্দ্ব শেষ। ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে দীর্ঘ বিতর্কের পর এবার টলিপাড়ায় নতুন গুঞ্জন, জীতু কামালের পরিবর্তে নাকি আসতে চলেছে নতুন নায়ক! আগমন ঘটতে চলেছে নাকি রণজয় বিষ্ণুর! যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এ নিয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে রটনা এমনটাই। জানা যাচ্ছে নতুন আর্য স্যর হিসেবে নাকি ভাবা হচ্ছে তাঁকেই। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত রণজয়ও কোনও মন্তব্য করেননি।
অন্যদিকে গোটা ঘটনা নিয়ে সমাজমাধ্যম তোলপাড় হলেও মুখে কুলুপ এঁটেছেন জীতু ও দিতিপ্রিয়া দু’জনেই। তবে জানা গিয়েছে, এদিনও একটু বেলা করেই নিয়মমাফিক শুটে গিয়েছেন দিতিপ্রিয়া। পাশাপাশি গত মিটিংয়ের পর জীতু এখনও ‘এনওসি’ দেননি। তবে এই ঘটনার পর এবিষয়ে কথা বলেননি কেউই। অন্যদিকে, সমাজমাধ্যমে একাধিক ইঙ্গিতবাহী পোস্ট করেন জিতু। এদিন সকালেও ইনস্টাতে তাঁকে লিখতে দেখা যায়, “জ্ঞানীকে চেনা যায় তাঁর নীরবতা থেকে, আর মূর্খকে তাঁর বক্তব্য থেকে। ধন্যবাদ এই বিশ্বপৃথিবী।” অন্যদিকে একই পথে দিতিপ্রিয়া। সামাজিক মাধ্যম থেকে ফোন সবেতেই তিনি কার্যত অধরা। কিন্তু ভক্তরা চুপ নেই! দিতিপ্রিয়া বনাম জীতু ভক্তদের বিতর্কে উত্তাল সমাজমাধ্যম।
উল্লেখ্য, রণজয় অভিজ্ঞ অভিনেতা পাশাপাশি জনপ্রিয়ও বটে। তবে টলিপাড়ার অন্দরে নানান গুঞ্জন। আসলে কী হতে চলেছে তার উত্তর সময়, তবে জিতুর এই প্রস্থান মানতে পারছেন না অনেকেই। দিতিপ্রিয়া থাকুন, জিতুও থাকুন, এমন দাবি অনেকেরই।
