ওঙ্কার ডেস্ক: প্রয়াত বলিউড বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার দুপুর নাগাদ মুম্বইয়ের জুহুতে ধর্মেন্দ্রের বাড়ির সামনে একটি অ্যাম্বুল্যান্স থামতেই হঠাৎ যেন চারদিকে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি, শেয়ার করার পর পরই মুহূর্তে ভাইরাল হয়ে যায়, আর উদ্বিগ্ন হয়ে ওঠেন কোটি কোটি অনুরাগী। ভিডিওতে দেখা গিয়েছে, অ্যাম্বুল্যান্সটি ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়াচ্ছে অভিনেতার বাড়ির দরজার সামনে, মেডিক্যাল টিম নেমে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। আর তার পরেই প্রশ্নের ঝড় ধর্মেন্দ্র কি তবে ফের কোনও সমস্যায়?
প্রসঙ্গত, পরিবারের তরফ থেকে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি নেই, তবে মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যম ও বলিউডের বহু তারকারাই সমাজমাধ্যমে অভিনেতার শান্তি কামনা করে পোস্ট করেছেন, যার মাধ্যমে অনেকেই নিশ্চিত হয়েছে যে, ধর্মেন্দ্র আর নেই।
সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই অভিনেতার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন তারকারা। সজল চোখে গাড়ি করে শ্মশানেও পৌঁছতে দেখা যায় হেমা মালিনীকে। ইতিমহধ্যে শেষ হয়েছে শেষকৃত্যও। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেনি পরিবারের কেউ। অভিনেতার বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। ৩১ অক্টোবর থেকে সেখানে ভর্তি হয়েছিলেন চিকিৎসার জন্য। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তাঁর পরিবার জানিয়েছিল, বাড়িতেই চলবে পরবর্তী চিকিৎসাপর্ব। একইসঙ্গে অনুরোধ করেছিলেন, যেন কেউ অকারণ জল্পনা না করেন। ভক্তদের ভালবাসা ও উদ্বেগের জন্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল আন্তরিক কৃতজ্ঞতা।
এরপর থেকেই অভিনেতার শারীরিক অবস্থার কথা খুব একটা সামনে আসেনি। আগামী ৮ই ডিসেম্বর ৯০বছরে পা দিতে চলেছিলেন অভিনেতা তাঁর আগেই সব নিস্তব্ধ। এর আগে তাঁর ভুয়ো মৃত্যুসংবাদ রটায় পরিবারের তরফ থেকেও সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। তবে এ দিন সকাল থেকেই বাড়ির সামনে ভিড়। বর্তমানে পরিবারের তরফ থেকে অফিসিয়াল বিবৃতির অপেক্ষা করছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ভক্তকুল।
