ওঙ্কার ডেস্ক: তিনি সোশ্যাল মিডিয়ার বেশ পরিচিত মুখ। তিনি দেবলীনা নন্দী। তাঁর সুরের জাদুতে বারবার মুগ্ধ হয়েছে দর্শক। একরাশ হাসি, প্রাণোচ্ছ্বাস আর মিষ্টি কণ্ঠেই অনুরাগীদের কাছে তাঁর পরিচয়। কখনও গান, কখনও আবার ঘরোয়া ভ্লগে মন জিতে নিয়েছে বাড়ির মেয়ের মতো। তবে সকল সেলিব্রিটিদেরই দেখলে যেন মন হয় তারাই একমাত্র সুখি, খুশি, বাইরে থেকে দেখলে আগে তেমনই মনে হয়, তাঁর জীবন বুঝি শুধুই সুখ আর সাফল্যের গল্প। কিন্তু সেই ধারণাই একপ্রকার ভেঙে দিলেন স্বয়ং দেবলীনা। নিজের অজানা কষ্টের কথা সমাজমাধ্যমে সামনে এনে জানালেন, তিলে তিলে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু তারপরেই চরম পদক্ষেপ।
নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গায়িকার আরোগ্য কামনায় তাঁর অনুরাগীরা। ২০২৪-এ পেশায় এক পাইলটের সঙ্গে বিয়ে হয় তাঁর। দূর থেকে যে সম্পর্ককে রূপকথা মনে হত, তা যেন একেবারেই মিথ্যে তা প্রমাণ করেদিলেন দেবলীনা। ফেসবুক লাইভে এসে যাবতীয় ক্ষোভ-দুঃখ উগরে দিলেন তিনি।
শেষে গায়িকা বলেন, “আমি ভাল নেই। আজ বললাম। আমি সারাক্ষণ ভাল থাকার নাটক করি। কিন্তু আমি খুশি নেই। শুধু ভান করি। এবার আমি হাঁপিয়ে গিয়েছি। একটা সীমা থাকে। সেই সীমা পার হয়ে গিয়েছে। সব কিছুর একটা শেষ আছে। ইতি টানা দরকার।” আর তারপরেই এমন সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার আর পরিচিত মুখ ওরফে দেবলীনার কাছের বন্ধু সায়ক চক্রবর্তি সমাজমাধ্যমে এসে বন্ধুর এই পরিণতি নিয়ে মুখ খুললেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, এতটাও কাউকে ভালোবাসা ঠিক নয় যে নিজেকেই হারিয়ে ফেলবো। ভালোবাসা মানে তো ২টো মানুষের একসাথে ভালো থাকা, ভালোই যদি না থাকো তাহলে জোর করে নিজে কে বঝানো ঠিক নয় যে আমি ভালো আছি।
যদিও এবিষয়ে দেবলীনার শ্বশুর বাড়ির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই খবর সমাজ ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তাঁর সুস্থতা কামনায় তাঁর পরিবার ও ভক্তরা।
