ওঙ্কার ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা ‘ধর্মেন্দ্র’ অভিনীত শেষ ছবি ‘ইক্কিস’। ইতিমধ্যেই ‘ইক্কিস’-এর ট্রেলার মন জিতে নিয়েছিল দর্শকের। এবার মুক্তি পেল সেই ছবির ফাইনাল ট্রেলার। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিতেই শেষবারের মত দেখা যাবে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে। ট্রেলারে তাঁর সংলাপও শোনা গিয়েছে। দেখা গিয়েছে নাচতেও। যা দেখে মনভার নেটিজেনদের একাংশের। নতুন বছরে ১ জানুয়ারিই মুক্তি পাবে ছবিটি।
প্রসঙ্গত, এই ছবির বিষয় মূলত সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বায়োপিক। একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে সংঘাত যা ভিত্তি করে গড়ে উঠেছে ছবির কাহিনি। একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ট্রেলারে আলাদা করে নজর কেড়েছে ধর্মেন্দ্রর সংলাপ শোনা গেল, এই হল আমার ছোট ছেলে মুকেশ, ৫০ বছর বয়স। আর এই আমার ছোট ছেলে অরুণ। চিরকাল ২১ বছরই থাকবে।” আরেক দৃশ্যে ধর্মেন্দ্রকে নাচতেও দেখা গিয়েছে।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর ধুমধাম করে নব্বই বছরের জন্মদিন পালন করার কথা ছিল ধর্মেন্দ্রর। কিন্তু গত ২৪ নভেম্বর পরলোকে পাড়ি দেন বলিউডের প্রবীণ অভিনেতা। তাই এই ছবিকে ঘিরে বাড়তি আবেগ ও কৌতূহলও তৈরি হয়েছে। অনুরাগীরা যে সেই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন, তা বলাই বাহুল্য। আপাতত ছবির ফাইনাল ট্রেলার নিয়েই শুরু হয়েছে জোরচর্চা।
