ওঙ্কার ডেস্ক: নেটভুবনের বিপর্যস্ত দেওল পরিবার! মঙ্গলবার সকাল থেকেই দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। সেই জল্পনা সিনেজগৎ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের শোকপ্রকাশে সংশয়ে অনুরাগীমহল। ইতিমধ্যেই প্রিয় অভিনেতার খোঁজ নিতে হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন শহরতলীর বিভিন্ন প্রান্তের মানুষ। জড়ো হয়েছেন সেলেব থেকে নানান মানুষজন। এবার পরিস্থিতিতে সামাল দিতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হল মুম্বই প্রশাসনের তরফে।
সূত্রের খবর, হাসপাতাল চত্বরে সোমবার রাত থেকে ভিড় উপচে পড়েছে, মঙ্গলবার সেই পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাড়ানো ব্যতীত আর কোনও উপায় ছিল না প্রশাসনের। উপরন্তু দিল্লির বিস্ফোরণের ঘটনায় আরও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ এইমুহূর্তে একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমতাবস্থায় ভিড় নিয়ন্ত্রনের জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিশাল পুলিশ বাহিনি মোতায়েন করা হল প্রশাসনের তরফে। জানা গিয়েছে, হাসপাতালের বাইরে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন ভোররাত থেকেই ফলত রাস্তার যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। যানজটের সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। সেই প্রেক্ষিতেই পরিস্থিতি সামাল দিতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ হেমা-এষা ব্রিচ ক্যান্ডি থেকে বেরতেই দুই ছেলেকে নিয়ে হাসপাতালে আসেন সানি দেওল। বলিউড মাধ্যম সূত্রে খবর, মার্কিন মুলুক থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন ধর্মেন্দ্রর আরেক কন্যা। অন্যদিকে মঙ্গলবার সাতসকালে প্রবীণ অভিনেতার মৃত্যুর গুঞ্জন নস্যাৎ করে দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন হেমা মালিনী ও এষা দেওল।
