ওঙ্কার ডেস্ক: আগামী মাসেই ৯০ বছরে পা দেবেন বলি অভিনেতা ধর্মেন্দ্র। তার আগেই বারংবার শরীর খারাপ হচ্ছে অভিনেতার। দিনকয়েক আগে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তাঁকে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন বলেও জানা গিয়েছিল। সুত্রের খবর বর্তমানে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। পরিবার সূত্রে খবর, এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে তাঁকে। গত এক সপ্তাহ ধরেই শরীরের অবনতি ঘটেছে।
শ্বাসকষ্ট অনুভব করায় দিনকয়েক আগে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলছিল চিকিৎসা। তবে অবস্থার অবনতি হওয়ার বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। তার আগেই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন ভক্তরা।
চলতি বছরের এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে গ্রাফট সার্জারি হয়। তারপর থেকেই বেশ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। যদিও কাজে বাঁধা পড়েনি। ১৯৬০ সালে ডেবিউ হয় ‘দিল ভি তেরা হুম ভি তেরে’ ছবির মধ্যে দিয়ে। শোলে, ধারম বীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ, ড্রিম গার্ল– একাধিক সিনেমা রয়েছে তাঁর। তাঁকে শেষ দেখা গিয়েছে — ‘তেরি বাতোঁ মে উলঝা হুয়া’ ছবিতে। সামনে রয়েছে নতুন ছবি ইক্কিশ। যেখানে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। মুক্তি পাওয়ার কথা এবছরের বড়দিনে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপাতত এই প্রার্থনাই করছেন সকলে।
