ওঙ্কার ডেস্ক: তখন বয়স অল্প কিন্তু স্বপ্ন অনেক, নিজের স্বপ্নপূরনের ইচ্ছা নিয়েই বিনোদুনিয়ায় যাত্রা শুরু করেছিল উত্তরবঙ্গের মেয়েটি। টলিউডের বহুল পরিচিত পরিচালক ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় অভিনয় করার সুযোগ হয়েছিল জীবনের প্রথম কাজেই। তিনি আর কেউ নন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী। সাল ২০১০, বাংলা ধারাবাহিকের অন্যতম গল্প এনেছিলেন ঋতুপর্ণ। রবীন্দ্রনাথ, গান, পারিবারিক কাহিনী নিয়েই বুনে ছিলেন চরিত্র গুলি। ‘পুপে’ চরিত্রে ‘গানের ওপারে’ ধারাবাহিকে দর্শকের মনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন মিমি। অভিনয়ের পাশাপাশি মিমির ওই চরিত্রের সাজপোশাক, চুলের কায়দা সবটাই মন কেড়েছিল সেই সময়ের অষ্টাদশীর। ধারাবাহিক শেষ হয়েছে নিজের ধারায়। কিন্তু ‘পুপে’ যেন আজও সকলের পছন্দের।
সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই সময়ের মিমির একটি ভিডিও পোস্ট করেছেন। আর তা দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন মিমি চক্রবর্তী। ধন্যবাদ জানিয়ে এক অভিনেত্রী লিখেছেন, ‘আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে আমি এমন একটা ধারাবাহিকের অংশ হতে পেরেছিলাম। এই ধারাবাহিকের কথা আজও সকলে মনে করেন। জলপাইগুড়ি থেকে আমার এক বোন আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে। আমি এটা দেখে চোখের জল আটকে রাখতে পারিনি। ওকে অনেক ধন্যবাদ এমন একটা ভিডিও আমাকে পাঠানোর জন্য। আমার বয়স তখন ২০ বা ২১, আমি বুঝিনি যে দর্শক এতটা ভালোবাসবেন পুপেকে এত বছর পরও। তোমাকে মনে পড়ছে খুব ঋতু দা। ধারাবাহিকের পুরো টিমকে ধন্যবাদ আমাকে এরকম একটা চরিত্র করার সুযোগ দেওয়ার জন্য।’
