ওঙ্কার ডেস্ক: ফের চর্চায় গোবিন্দা-সুনীতা আহুজা। গোবিন্দা ও সুনীতার দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে! সেই গুঞ্জন রটেছিল বলিপাড়ার অন্দরে। তবে এই খবরকে ভুয়ো বলে দাবি করেন সুনীতা। জানান, গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। কোনও কারণে কখনওই গোবিন্দাকে ছেড়ে যাবেন না তিনি। তবে এবার জানা যাচ্ছে, সত্যিটা এতদিন ধরে গোপন করছিলেন সুনীতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বৈবাহিক জীবনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সুনীতা। তিনি জানান, গত এক বছর ধরে তিনি এবং তাঁর পরিবার মানসিক চাপের মধ্যে রয়েছেন। গোবিন্দার সঙ্গে তাঁর সুখের সংসারও ভেঙে ফেলার চেষ্টা করছেন অনেকে, যা তিনি কখনও হতে দেবন না। তাঁর বিশ্বাস ভগবান সেই সব মানুষদের শাস্তি দেবেন। এই কথা বলতে গিয়েই চোখে জল চলে আসে সুনীতার।
তবে এবার জানা গেল, সত্যি সত্যিই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন গোবিন্দা-সুনীতা। জানা গিয়েছে, সুনীতা আহুজা ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। গোবিন্দা-পত্নী বিচ্ছেদের কারণ হিসেবে পরকীয়া, নিষ্ঠুরতা, পরিত্যাগকে উল্লেখ করা হয়েছে। আদালত গোবিন্দাকে সমন পাঠালেও তিনি হাজিরা দিতে আসেননি। ফলে ২০২৫ সালের মে মাসে শো-কজ নোটিশ জারি করা হয়। চলতি বছরই সালের জুন মাস থেকে আদালত দম্পতির মধ্যে দূরত্ব মেটানোর চেষ্টা করছে। সুনীতা আহুজা নিয়মিত আদালতে হাজিরা দিলেও গোবিন্দা অনুপস্থিত।
দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি-অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। কিন্তু বেশ কিছুদিন হল তাঁরা নাকি এক ছাদের তলায় থাকেন না। এহেন আবহে বলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা, বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা। আর এর পিছনে আসলে কি কারণ রয়েছে তা জানার শুধু সময়ের অপেক্ষা।
