ওঙ্কার ডেস্ক: আগেই আভাস মিলেছিল ময়দানে ফিরছেন রাজ চক্রবর্তী। তার আগামী ছবি ‘হোক কলরব’-এর নানা ঝলক সমাজমাধ্যমে আগেই পাওয়া গিয়েছে। এবার মুক্তি পেয়েছে ছবির টিজার, আর টিজার মুক্তি পেতেই দর্শকদের প্রশংসা কুড়োতে শুরু করেছে। জানা গিয়েছে, যাদবপুরের র্যামগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে মুখ্য চরিত্রে। তবে ছবি মুক্তির প্রাক্কালেই নতুন বিপত্তির মুখে রাজের ছবি।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ জানান যে মুক্তির আগেই নাকি তাঁর নতুন ছবির বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। এই ঘটনা রুখতে ইতিমধ্যেই সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন পরিচালক। এদিন সোশাল মিডিয়া পোস্টে রাজ লেখেন, ‘আমাদের সিনেমা ‘হোক কলরব’ রিলিজের আগেই সিনেমার কিছু ফুটেজ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি উক্ত বিষয়ে জরুরী পদক্ষেপ নেবার জন্য। আপনাদের অনুরোধ লিংকটি শেয়ার করবেন না। কোনোরকম প্ররোচনায় পা দেবেন না৷ ধন্যবাদ।’
অন্যদিকে, টিজারের শুরু থেকে শেষ পর্যন্ত নানা ঘটনা ফুটে উঠেছে টিজারে। সেখানেই আরও একবার শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে। সঙ্গে শোনা গেল ছাত্রদের উদ্দশ্যে বলা তাঁর মারকাটারি সংলাপ ‘আমি ক্ষুদিরাম চাকি। আমি ঝুলি না ঝোলাই।’ শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে অভিনয়ে রয়েছে রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ওম সাহানি প্রমুখ। চলতি বছরের আগস্ট মাসে এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। এবার এই জটিলতা কাটিয়ে ছবি মুক্তির অপেক্ষায় কলাকুশলীরা।
