ওঙ্কার ডেস্ক: কোটি টাকা প্রতারণার অভিযোগে তারকা হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা রুজু করে উত্তরপ্রদেশ পুলিশ। শুরু হয়েছিল তদন্ত। এবার সেই তদন্তে এল নয়া মোড়।
জানা যাচ্ছে, দেড়শোর বেশি মানুষের কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে জাভেদ হাবিব ও পরিবারের বিরুদ্ধে মোট ২০টি মামলা রুজু করেছে। ইতিমধ্যেই সম্ভাল পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগে ৫০ থেকে ৭৫ শতাংশ মুনাফার আশ্বাস দিয়েছিলেন। এক সংস্থাও ছিল এর নেপথ্যে। হাবিব ও তাঁর পরিবার যাতে দেশ ছাড়তে না পারেন তার জন্য তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের সম্পত্তি সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করা শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ২০২৩ সালে সম্ভালের সারায়াতীন এলাকার রয়্যাল প্যালেস ভেঙ্কট হলে একটি অনুষ্ঠানে জাভেদ হাবিব ও তাঁর ছেলে প্রতারিত বিনিয়োগকারীদের বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগ করতে বলেন। অভিযোগ, টাকা ফেরানোর সময় এলে দেখা যায়, অস্বিত্বই নেই সংস্থার। উধাও হয়ে যান জাভেদ হাবিবরাও। একাধিকবার যোগাযোগ ও টাকা উদ্ধারের চেষ্টা করেও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ জানান হয়েছে। এরপরই কয়েকজন বিনিয়োগকারী অভিযোগ জানান উত্তরপ্রদেশের একটি থানায়। তাতেই প্রথম বিষয়টা প্রকাশ্যে আসে।
