ওঙ্কার ডেস্ক: গায়িকা হিসেবে দশক ধরে দর্শকের মনে বিরাজ করছেন জোজো মুখোপাধ্যায়। তাঁর গানের সুরে মেতে ওঠে দর্শক। ছবিতে থেকে অ্যালবামে তাঁর গান দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। বর্তমানে জোজোকে জি বাংলার রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-এ বিচারক আসনে দেখা যাচ্ছে। তবে এবার নাকি ধারাবাহিকে যোগ দিচ্ছেন গায়িকা! শোনা যাচ্ছে, জি বাংলারই একটি ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে। জি বাংলার পরিচিত ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’য় একটি বিশেষ পর্বেই নাকি দেখা যাবে জোজোকে। তবে অভিনয়ে নয়, গানে গানেই দর্শকের মন জয় করতে আসছেন তিনি। এই ধারাবাহিকের পিঠে,পুলি উৎসব উপলক্ষে যে পর্ব হতে চলেছে সেখানেই দেখা যাবে জোজোকে। সেই পর্বের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তাঁর গান। ‘জোয়ার ভাঁটা’য় আয়োজিত হতে চলেছে পিঠে,পুলি উৎসব। এই পর্বে তাদের সঙ্গে আবার সামিল হবে জি বাংলার আরও এক ধারাবাহিক ‘দাদামণি’র পরিবার।
তবে রয়েছে আরও চমক। এদিন নিশাও বড় ধামাকা আয়োজন করে। তবে সে কি আবারও কোনও ষড়যন্ত্র করবে? সেই কথাই ভাবতে দেখা যায় উজিকে। অন্যদিকে, নিশার চালচলনের উপর কড়া নজরদারি চালায় ইন্সপেক্টর জিৎ। উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বে। খুব বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিকের। তবে এর মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে পর্দার দুই বোন নিশা ও উজি। গল্পের মোড়ে এখন বদলেছে নিশা ও উজির জীবন। বোন উজিকে সঙ্গে নিয়ে কলকাতায় আসে সে। ঋষি ও তার পরিবারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দিনের পর দিন ধরে নানা ছক কষতে থাকে নিশা। তবে গল্পের মোড়ে কী হতে চলেছে এই ধারাবাহিকে? তা জানার জন্য উত্তেজনায় দর্শকমহল।
