ওঙ্কার ডেস্ক: কৌতুকশিল্পী তথা অভিনেতা কপিল শর্মা মাত্র দিন কয়েক আগেই কানাডায় ক্যাফে উদ্বোধন করেছিলেন। যার পরিচালনায় রয়েছেন কপিলের স্ত্রী গিনি। আর ক্যাফে খোলার দিন কয়েকের মধ্যেই ঘটে গিয়েছে এক বড়সড় দুর্ঘটনা। ক্যাফের মধ্যে চলে গুলি, এই আক্রমণের দায় স্বীকার করে নিয়েছেন হরজিৎ সিংহ লাড্ডি। তিনি খলিস্তানি জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনায় ভেঙে পড়েছেন কপিল শর্মার ক্যাফের টিম। এক বিবৃতি জারি করে তাঁরা জানানো হয়েছে, “এখনও ধাক্কা সামলে উঠতে পারিনি, তবে হাল ছাড়ছি না।”
কপিলের ক্যাফেতে কেন আক্রমণ করা হল সেই উত্তরে হরজিৎ সিংহ লাড্ডি বলেন, ‘সাম্প্রতিক সময় বেশ কিছু বিষয়ে এমন কিছু মন্তব্য করেন কপিল যার কারণে এই হামলা। এটা শুধু সাবধানবাণী।’ এরপরই কপিলের টিমের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “আমরা ক্যাপস ক্যাফে খুলেছিলাম গরম কফির সঙ্গে উষ্ণ অভ্যর্থনা পরিবেশন করব বলে। আশা ছিল বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মধ্য দিয়ে আমাদের বিদেশি পরিবারের সকলকে নিয়ে একটা জমাটি আড্ডা হবে। আমরা স্বপ্ন এই ক্যাফে আগত অতিথিদের জীবনে আনন্দের মুহূর্ত তৈরি করবে। কিন্তু এহেন হিংসামূলক ঘটনা ঘটিয়ে আমাদের এই স্বপ্নভঙ্গ করা ভীষণই দুঃখজনক। আমরা এখনও ধাক্কা সামলে যাচ্ছি, তবে হাল ছাড়ছি না।” সেই বিবৃতিতে শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে কপিলের ক্যাফের তরফে আরও বলা হয়েছে যে, “আপনাদের সহানুভূতি, প্রার্থনা এবং আমাদের ক্যাফের যত স্মৃতি, আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিয়ে যেভাবে পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ।
জানা গিয়েছে, বুধবার রাতে আচমকাই একটি গাড়ি করে আসে একদল দুষ্কৃতী। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফে লক্ষ করে গুলি চালায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক সৃষ্টি হয়।
