ওঙ্কার ডেস্ক: সম্প্রতি গলায় মৌমাছি ঢুকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। এবার প্রয়াত প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে চলছে জোর টানাপোড়েন। তার মাঝে ছেলেমেয়েকে নিয়ে দিল্লিতে করিশ্মা কাপুর। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। অভিনেত্রীর দিল্লি সফরের কারণ স্পষ্ট নয়। তবে তা নিয়ে চলছে চর্চা।
সমাজমাধ্যমের একটি ভিডিওটিতে দেখা গিয়েছে, করিশ্মার পরনে সাদা শার্ট ও জিনস। বেশ দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। আর মাকে অনুসরণ করে হেঁটে চলেছে কিয়ান ও সামাইরা। বিমানবন্দর থেকে নেমে তাড়াতাড়ি নিজের গাড়িতে উঠে পড়েন তাঁরা। এই ভিডিও দেখে সমাজমাধ্যমের একাংশের দাবি, সম্পত্তি নিয়ে টানাপোড়েনের মাঝে ক্যামেরা দেখে নিজেকে লুকিয়ে নিয়েছেন অভিনেত্রী। সে কারণে হয়তো ক্যামেরাকে এড়িয়ে গেলেন তিনি।
উল্লেখ্য, গত ১২ জুন মৃত্যু হয় শিল্পপতি সঞ্জয় কাপুরের। বিয়ে ভাঙার পর করিশ্মা তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন। জানা যায়, স্বামীর কাছ থেকে ৭০ কোটি টাকা নিয়েছিলেন করিশ্মা। এবার গুঞ্জন, প্রয়াত স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ অভিনেত্রীর! যদিও করিশ্মা নিজে কোনওরকম মন্তব্য করেননি।
বলিউড সূত্রে খবর, বিবাহ বিচ্ছেদের সময় দুই সন্তান পড়াশোনার জন্য ১৪ কোটি টাকার বন্ড নিয়েছিলেন করিশ্মা কাপুর। এবার কি তবে সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তি থেকেও ভাগ পাচ্ছেন অভিনেত্রী? শিল্পপতির মা রানি কাপুরের বিস্ফোরক অভিযোগের পরই কৌতূহল সর্বত্র। ঘনাচ্ছে রহস্য। জানা গিয়েছে, প্রয়াত স্বামীর এই বিপুল সম্পত্তির কোনও ভাগ পাবেন না করিশ্মা। কারণ উত্তরাধিকারের জায়গায় তাঁর নাম নেই। উলটোদিকে অভিনেত্রীও নাকি কোনও ভাগ চাননি। করিশ্মার চিন্তা শুধু দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে।
