সহেলী বিশ্বাস: শুরু হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এক সপ্তাহব্যাপী এই উৎসব জুড়ে রয়েছে নানা দেশের নানা ছবি, বাংলা ছাড়াও থাকবে নানান ভাষার সিনেমা। চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনেই সাধারণ মানুষ থেকে সিনেমা জগতের বহু তারকারা উপস্থিত ছিলেন নন্দন চত্বরে। উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, সুদেষ্ণা রায়, মাধবী মুখোপাধ্যায়, বীনা ব্যানার্জী, রমেশ সিপ্পি, এছাড়াও টলিপাড়ার অন্যান্য তারকারাও এসেছিলেন এদিনের সিনেমা গুলি দেখার জন্য।
এক সপ্তাহব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনেই সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ার মত, নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চেও ছিল বিভিন্ন অনুষ্ঠান। এছাড়াও প্রদীপ ভট্টাচার্য্যে ছবি ‘নাধেরের ভেলা’ ছবির প্রেস মিটও হয় এদিন। উপস্থিত ছিলেন ছবির পরিচালকসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। অন্যদিকে, ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপন উপলক্ষে নন্দনে সেইসব ছবির নানান প্রদর্শনীর হলও ঘুরে দেখেন বাংলা চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা ও হিন্দি জগতের অন্যতম অভিনেত্রী বীনা ব্যানার্জী। সব মিলিয়ে দ্বিতীয় দিনের চলচ্চিত্র উৎসবে সাধারণ মানুষ ও তারকরা মহলের চাঁদের হাঁট বসেছে নন্দন চত্বরে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ধনধান্য স্টেডিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন করে ৩১তম এবছরের চলচ্চিত্র উৎসবের থিম ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’। সিনে উৎসবে মুম্বই থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো বাংলা সিনেইন্ডাস্ট্রির নানা তারকারা। এবছরের চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯ দেশ থেকে বাছাই করা ২১৫ ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ১৮ ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে এই বছর। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবি প্রদর্শিত হবে। বিভিন্ন বিভাগে একাধিক ছবির প্রতিযোগিতা ও পুরষ্কার থাকছে। প্রতি বছরের মতো এবারও সিনে আড্ডার আয়োজন হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপন উপলক্ষে দেখানো হবে তাঁর বেশ কয়েকটি ছবি। সমসাময়িক ১৫ বিদেশি ছবির প্রথম প্রদর্শন হবে এই উৎসবে।
