ওঙ্কার ডেস্ক: আজ পরিচালক-অভিনেতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। সকাল থেকেই বহু অনুরাগী ও টলিপাড়ার তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানাতে ভোলেননি মীর। একসময় স্রেফ একটি অনুষ্ঠানই তাঁদের মধ্যে দূরত্বের সীমানা টেনে দিয়েছিল। জনপ্রিয় সঞ্চালক মীর আফসার আলি ঋতুপর্ণ ঘোষকে নকল করেছিলেন, আর তাতেই হয়েছিল অভিমান। পরিচালকের মনে হয়েছিল, “মীর আদতে বিশেষ আত্মপরিচয়ের মানুষদের ব্যঙ্গ করেছেন”। তা নিয়ে সে সময় নানান লেখালেখি ও জল্পনা তৈরি হয়েছিল। তাতে আরও যোগ দিয়েছিল ঋতুপর্ণের শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’তে মীরের আমন্ত্রণ ও তাঁদের দু’জনের কথোপকথন।
তবে সময় সব ঠিক করে দেয়। অভিমান নিজেই মিটিয়ে নিয়েছিলেন ঋতুপর্ণ। পরিচালকের জন্মদিনে মীর তুলে আনলেন এমন কিছু কথা যা শুনে দু’জনের সমীকরণ সম্পর্কে যে ধারণা তাঁর হয়তো বদল ঘটতে পারে। প্রসঙ্গত, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে নিজের একটি হাসি মুখের ছবি পোস্ট করে মীর লিখেছেন, “আজও! আজও অনেকে ভাবেন, আমাদের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল ২০১১ সালে, ঘোষ & Co.-র পর। আমরা নাকি একে অপরকে সহ্য করতে পারতাম না। আমি কিন্তু আজও মানুষটির বড় ফ্যান। আজ তাঁর জন্মদিন। তাই খুব স্বাভাবিক নিয়মে এই পোস্ট। এবং হ্যাঁ, তিনি এখনও বিভিন্ন প্ল্যাটফর্মে আমার প্রিয় আলোচনার বিষয়। বোধ হয় কোথাও তাঁর ওই হাসি মুখে মিথ্যে রাগ ঝুলিয়ে ‘এক মারবো শয়তান’ বলা’টা শোনার লোভে।”
অভিমান ছিল দুই পক্ষেরই, তা মিথ্যে নয়। তবে তা টেনে নিয়ে যাননি কেউই। মেকআপ রুমে মীরকে দেখে নরম গলায় পরিচালকের ডাক ভুলিয়ে দিয়েছিল সব কিছুই। বিশেষ দিনে মীরের মন ঋতুদাকে ঘিরেই।
