ওঙ্কার ডেস্ক: বাংলা সিনেমার পর্দায় কিছু জুটি শুধুমাত্র জুটি নয়, দর্শকদের কাছে তাঁরা আইডলও। শুধু অভিনয় নয় সময়, স্মৃতি আর আবেগের প্রতিনিধিত্ব করেন তাঁরা। টলিউডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত তেমনই দুই নাম, যাঁদের একসঙ্গে দেখা মানেই দর্শকের মনে আলাদা মাত্রা। বর্তমানে টলিপাড়ায় কানাঘুষো আবারও ফের জুটি বাঁধছেন সেই সুপারহিট জুটি।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পাওয়া ‘জামাইবাবু’র পর দীর্ঘ বিরতি। ঠিক তার ১৪ বছর পরে, ‘প্রাক্তন’ ছবির হাত ধরে যখন তাঁরা আবার বড়পর্দায় ফিরেন, তখন তা শুধু একটি ছবি ছিল না, একাংশের কাছে ছিল স্মৃতিচারণা। দর্শক হলমুখী হয়েছিল শুধু কাহিনির টানে নয়, প্রিয় জুটির পুনর্মিলনের আনন্দেও। ২০১৭ সালে সেই ছবিই প্রমাণ করে দিয়েছিল, সময় পরিবর্তন আসলেও আবেগের রসায়ন বদলায়নি। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফ্রেমে ‘দৃষ্টিকোণ’ এবং পরে ‘অযোগ্য’-তে আবার একসঙ্গে ধরা দেন তাঁরা। এবার শোনা যাচ্ছে, ফের নাকি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনাতেই নতুন ছবিতে দেখা যেতে পারে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। শোনা যাচ্ছে, ঘটনা চক্রে এক জায়গায় হয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই মুহূর্তে নতুন ছবির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় বলেই শোনা যাচ্ছে। আর সেই গল্পের কেন্দ্রেই নাকি আবার ফিরছে ঋতুপর্ণা সেনগুপ্ত। এই জল্পনার ইতিমধ্যেই পারদ চরিয়েছে সোশাল মিডিয়া। এদিন সকালেই দেখা যায় কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত তিনজনের একাধিক ছবি। কোথাও মুখোমুখি আলোচনায় ব্যস্ত পরিচালক ও অভিনেতা। আবার অন্য ছবিতে তিনজনই এক ফ্রেমে। তবে সব আলোচনা একেবারেই প্রাথমিক স্তরে, গল্প চূড়ান্ত হয়নি। তবে সব কিছু ঠিকঠাক এগোলে চলতি বছরের গ্রীষ্মেই নতুন ছবির শুটিং শুরু হতে পারে।
অন্যদিকে, সমাজমাধ্যমে জোর চর্চা। কমেন্ট বক্স মেতে উঠেছে পুরনো স্মৃতিতে। ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা, সব মিলিয়ে যেন আবার একটা অপেক্ষার গল্প শুরু হয়ে গেছে।
