ওঙ্কার ডেস্ক: রণবীর কাপুরের প্রেমকাহিনি নিয়ে বলিউডে চর্চা সবসময়ই ছিল। বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘ সম্পর্কে থাকলেও শেষমেশ সাতপাকে বাঁধা পড়েন বলিউডের আর এক অভিনেত্রী আলিয়ার সঙ্গেই। বয়সের পার্থক্য প্রায় ১১ বছর হলেও পাঁচ বছরের সম্পর্কের পর ২০২২ সালে বিয়েটা সেরে ফেলেন তারকা জুটি।
প্রসঙ্গত, দীপিকা, ক্যাটরিনা ছাড়াও বেশ কিছু অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও, মা নীতু কাপুর কিন্তু সবসময় দাবি করেছেন, রণবীরের জীবনে আসল প্রেম একটাই, আর সেটা দীপিকা। ক্যাটরিনার সঙ্গে সম্পর্কটাকে একেবারেই মেনে নিতে চাননি তিনি। সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে যেখানে নীতু বলেন, “রণবীরের খুব বেশি বান্ধবী ছিল না। ওর একটাই প্রেমিকা ছিল দীপিকা। তবে সম্পর্কের ভেতর কিছু অভাব ছিল, তাই সেটা ভেঙে যায়।” এই মন্তব্য ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকে বলছেন, নীতু নাকি ছেলের সম্মান বাঁচাতেই এভাবে কথা বলেছেন। কেউ আবার সরাসরি মন্তব্য করেছেন, “রাজা বেটা সিনড্রোমে ভুগছেন নীতু।”
আলোচনা যতই হোক, বাস্তবটা খানিকটা অন্য। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৭ সালে আলিয়ার জীবনে আসেন রণবীর। দু’জনে তখন থেকেই একসঙ্গে থাকতেন। হঠাৎই ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তাঁরা। আর বিয়ের দেড় মাসের মাথায় আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসায় গুঞ্জনও ছড়ায়। নভেম্বরে কন্যা রাহার জন্ম সেই কানাঘুষোকে সত্যি প্রমাণ করে দেয়। চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ই বিয়ের পিঁড়িতে বসেছিলেন আলিয়া ভাট.
