ওঙ্কার ডেস্ক: কয়েক মাস আগেই প্রেমিক সুমিত অরোরার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। মুম্বাইতে তাঁরা প্রায়ই একসঙ্গে থাকেন। নিজের নতুন সংসার বিয়ের আগে থেকেই গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী। তবে কবে বিয়ে করছেন তা এখনও সরাসরি জানাননি তিনি। এবার অনুরাগীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিয়ের সময় জানিয়ে দিলেন অভিনেত্রী, তবে সেই উত্তরে রয়েছে সংশয়, আদৌকি সত্যি উত্তর দিলেন নায়িকা। প্রথমদিকে তেমন ভাবে বলতে না চাইলেও পরে সামাজিক মাধ্যমে নিজের প্রেমিককে প্রকাশ্যে আনেন ঋতাভরী, মুম্বাইবাসী সুমিতকে প্রায়ই কলকাতায় ঋতাভরীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এই সম্পর্কে যে দারুন খুশি অভিনেত্রী তা বেশ বোঝা যায়। তবে বিয়েটা কবে করছেন সেই প্রশ্ন রয়েছে অনেকেরই।
এর আগেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। প্রাক্তন প্রেমিকের সঙ্গে তার পরিবারের একাধিক ছবিও দেখা গিয়েছিল সামজমাধ্যমে। তবে সেই প্রেম বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি। এক বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ের আগে তিনি নিজেই বিশেষ কারণে বিয়ে ভেঙে দিয়েছিলেন। ঋতাভরী জানান, আসলে ভাল থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যমে তাদের দারুন কিছু মুহূর্তের ছবি মাঝেমধ্যেই পোস্ট করেন ঋতাভরী। এখন মুম্বই এবং কলকাতা দুই জায়গাতেই রয়েছে ঋতাভরীর সংসার। দুই বাড়ি এবং দুই পরিবার নিয়ে দারুন সব মুহূর্ত কাটান তিনি।
প্রসঙ্গত, মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথা বলেন ঋতাভরী, তাদের নানান প্রশ্নের উত্তর বেশ মজা করেই দেন অভিনেত্রী। এদিন এমনই এক অনুরাগী ঋতাভরীকে প্রশ্ন করেন ‘কখন বিয়ে করছেন?’ এই প্রশ্নের উত্তর ঋতাভরী জানান আটটা বেজে পাঁচ মিনিটে। কোনও তারিখের কথা উল্লেখ না করে প্রশ্ন অনুযায়ী সময় বলেন তিনি। ঋতাভরীর এই উত্তর দেখার পর থেকেই আরও গুঞ্জন শুরু হয় তবে সত্যিই কি এই লগ্নেই বিয়ে করতে চলেছেন ঋতাভরী? যদিও বিয়ের ব্যাপারে এখনই কিছু জানাননি ঋতাভরী। দিদি চিত্রাঙ্গদা অনেকদিন আগেই সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করেছেন, এবার বোন ঋতাভরীর বিয়ের অপেক্ষায় রয়েছেন সকলে।
