ওঙ্কার ডেস্ক: সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও। গুঞ্জন চলছিল প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন মডেল-অভিনেত্রী রুচি গুজ্জর। কিন্তু এই মুহূর্তে শোরগোল ‘সো লং ভ্যালি’ নামের হিন্দি ক্রাইম থ্রিলারের প্রিমিয়ার ঘিরে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছে মুম্বইয়ের সিনেমা হলে ওই প্রিমিয়ারে হাজির হয়ে পায়ের স্যান্ডেল খুলে ছবির অন্যতম প্রযোজক মান সিংয়ের উপরে চড়াও হচ্ছেন রুচি। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। তা নিয়ে শুরু হয়েছে বিতর্কও। উল্লেখ্য, মান সিং ছবিটির কেবল প্রযোজকই নন। প্রযোজক ও ছবির কাহিনিকারও তিনি।
প্রসঙ্গত, অভিনেত্রীর অভিযোগ, তিনি প্রযোজকদের প্রায় ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। কথা দিয়েছিলেন রুচিকে নিয়ে সোনি টিভিতে একটি শো বানাবেন তাঁরা। কিন্তু সেই টাকা তাঁরা ছবির কাজে লাগিয়ে দেন। সেই ক্ষোভেই প্রিমিয়ারে হাজির হয়ে রুচি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে দাবি। জানা গিয়েছে, রুচির সঙ্গে রীতিমতো একটি দল সেখানে হাজির হয়। অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। তাঁরা স্লোগান দিচ্ছিলেন প্রযোজকদের বিরুদ্ধে। প্রসঙ্গত, ‘সো লং ভ্যালি’র তিন প্রযোজক মান সিং, করণ সিং, মহসিন খান। তাঁদের মধ্যে করণ রুচির কাছ থেকে এককালীন ২৩ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার দায়ের করা এফআইআরে তাঁর নামই রয়েছে। পুলিশের তরফ থেকেও এফআইআরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে প্রিমিয়ারে ঝামেলার বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলে কটাক্ষ করেছেন মান সিং। তাঁর দাবি, রুচি চেয়েছিলেন ছবিটির মুক্তি বন্ধ করতে। কিন্তু শেষপর্যন্ত আদালতের সম্মতি মেলায় ছবি নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে রুচি এসেছিলেন গোলমাল করতে.
