ওঙ্কার ডেস্ক: ছোটপর্দার হাত ধরে টলিউডে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। টলিউডে পরিচিতিও হন টেলিভিশনের অভিনয় দিয়েই। যদিও বর্তমানে ছোটপর্দায় অভিনেত্রীকে খুবই কম দেখা যায়। টেলিভিশন ছাড়াও বিভিন্ন মাধ্যমে কাজ করছেন একের পর এক ছবি ও সিরিজে। তবে এবার গুঞ্জন বলছে অন্যকথা, সন্দীপ্তা ফিরতে চলেছেন ধারাবাহিকে। তবে বাংলায় নয়, হিন্দি ধারাবাহিকে দেখা যেতে চলেছে সন্দীপ্তাকে।
স্টার প্লাসে আসতে চলেছে নতুন ধারাবাহিক, যার প্রযোজনায় রয়েছে এসভিএফ। এই ধারাবাহিকের গল্প হতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর একটি সিরিজকে কেন্দ্র করে। অদিতি রায়ের পরিচালনায় নারী শক্তির গল্প বলেছিল ‘নষ্টনীড়’। সেই সঙ্গে এই সিরিজে স্পষ্ট হয়েছিল, সাংসারিক জীবনের নানা টানাপোড়েনও। এবার এই সিরিজের গল্পকেই পর্দায় দেখাতে চলেছে স্টার প্লাসের আসন্ন ধারাবাহিক। ‘নষ্টনীড়’-এর মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সন্দীপ্তা ও সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। শোনা যাচ্ছে, হিন্দি ধারাবাহিকেও মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সন্দীপ্তা সেন। তাঁর সঙ্গে দেখা যেতে চলেছে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অহম শর্মা ও বিশাল আদিত্য সিং-কে। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এই ধারাবাহিকের চিত্রনাট্য। জানা যাচ্ছে, প্রথমে ১৫০ পর্বের জন্য তৈরি হতে চলেছে এই ধারাবাহিক। চণ্ডীগড়ে হতে চলেছে এই মেগার শুটিং। হিন্দি ধারাবাহিকে প্রথম কাজ নিয়ে যদিও অভিনেত্রীর কাছ থেকে কোনও সদুত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
এছাড়াও, হইচই-এর আরও একটি সিরিজের মুখ্য চরিত্রে আসতে চলেছেন সন্দীপ্তা। ২৫শে জুলাই মুক্তি পাচ্ছে হইচই-এর পরবর্তী অরিজিনাল সিরিজ ‘বীরাঙ্গনা’। ক্রাইম থ্রিলার এই সিরিজ-এর মাধ্যমে বাংলার অন্যতম জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মন্ডলও প্রথমবার পর্দায় অভিনয় করছেন। সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্ঝর মিত্র।
সিরিজে ইন্সপেক্টর চিত্রা বসুর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। মায়ের আকস্মিক নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বাবার কাছে বড় হওয়া চিত্রা সংযমের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে। বর্তমানে সে নির্ভীক এবং সাহসী পুলিশ অফিসার। আপাতত হিন্দি ধারাবাহিকের জন্য দর্শকদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
