ওঙ্কার ডেস্ক: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী সুমি হর চৌধুরীকে। তাঁকে জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে কাকিমা চরিত্রে পেয়েছিলেন দর্শক। আচমকাই মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেল বর্ধমানে। দিশাহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তবে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে এই মুহূর্তে মিশনারিস অফ চ্যারিটিতে রয়েছেন অভিনেত্রী। সেই ব্যবস্থা করেছেন খন্দকার থানার পুলিশেরা। তবে ২০২৫ সালের জানুয়ারি মাসেও একটি নাটকের দলের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী সুমি। হঠাৎ তাঁর এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
বহুদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সুমি হর চৌধুরী। বিভিন্ন চ্যানেলে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখাও গিয়েছে অভিনেত্রীকে। ছোট পর্দায় অভিনয় করার পাশাপাশি মঞ্চে অভিনয় করেছেন সুমি। তবে সম্প্রতি তাকে বর্ধমানে একটি এলাকায় দিশাহীন ভাবে ঘুরতে দেখা যায়। জানা গিয়েছে এরপর বৃষ্টি আসায় তিনি এক জায়গায় আশ্রয় নেন। সেখানে স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রশ্ন করে জানতে পারেন তিনি অভিনয় করেন, কিন্তু কোথায় থাকেন সেই প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন তিনি। এরপরই স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে মিশনারিস অফ চ্যারিটিতে তাঁকে রাখার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে অভিনেত্রীর পরিবার বলতে রয়েছে তাঁর একমাত্র মেয়ে। যদিও তাঁর মেয়ের সঙ্গেও বর্তমানে কোনও সম্পর্ক ছিল না সুমির। মায়ের সঙ্গেও বহুদিন থেকেই সম্পর্ক নেই সুমির। টলিউডেও বন্ধু সংখ্যা নেই বললেই চলে। সুমিকে এইভাবে দেখে অবাক তাঁর সহকর্মীরা। যদিও এতদিন ধরে কোথায় আছেন এই অভিনেত্রী তা কেউ জানতেন না। যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সকলের সঙ্গেই।
তিনি বর্ধমানে কী কারণে গিয়েছিলেন তাও স্পষ্ট নয়। তবে আপাতত পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মাথার উপর ছাদ পেয়েছেন সুমি। ছোটপর্দার জনপ্রিয় মুখ সুমি, হঠাৎ করে তার এই অবস্থা দেখে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। নেটপাড়ায় তাঁকে নিয়ে উঠছে নানা প্রশ্ন। পাশাপাশি সুমির জীবনযাত্রা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। প্রসঙ্গত, এর আগেও বহুবার একাধিক তারকাকে মানসিক চাপের মধ্যে দেখা গিয়েছে। কাজ না পেয়ে মানসিক অস্থিরতায় ভুগতে দেখা গিয়েছে অনেক অভিনেতা-অভিনেত্রীকেই। কেউ লড়েছেন কেউ নিয়েছেন অন্য পথ। কিন্তু সুমির এই পরিণতির ঠিক কী কারণ, তা যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় কারোর কাছেই।
