ওঙ্কার ডেস্ক: ২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিন। প্রতি বছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে জনসমাগমের ভিড় দেখা যায়। কিন্তু খবর, এ বছর ‘মন্নত’-এ থাকছেন না শাহরুখ। শোনা যাচ্ছে, সপরিবার নাকি আলিবাগে জন্মদিন পালন করবেন বলি অভিনেতা। এই খবর যখন ছড়িয়ে পড়েছে চারিদিকে, ঠিক এই আবহেই শাহরুখ তাঁর ভক্তদের দিলেন সুখবর। এই বছরেও জন্মদিনে ‘মন্নত’-এ দেখা যাবে তাঁকে।
প্রসঙ্গত, এই দিন ‘মন্নত’-এর বাইরে এসে দাঁড়িয়ে থাকেন তাঁর অনুরাগীরা, ‘বাদশা’কে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করেন ভক্তরা। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনও হাত নাড়েন, কখনও ভক্তদের উদ্দেশ্যে ছুড়ে দেন চুমু, কখনও আবার দুই হাত ছড়িয়ে তাঁর পরিচিত পোজে দেখা যায় তাঁকে। তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীমহল। কিন্তু এ বছর ‘মন্নত’-এ পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে। যে কারণে অভিনেতা গোটা পরিবার সমেত এখন ভাড়ার ফ্ল্যাটে থাকছেন। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন, এ বছর কি দর্শন দেবেন না তারকা? এবার ‘এক্স’- হ্যান্ডেলে এক অনুরাগী সরাসরি সেই প্রশ্ন করে বসেন শাহরুখকেই। তিনি জিজ্ঞেস করেন, ‘‘স্যর, এ বছর ‘মন্নত’-এ অনুরাগীদের দেখা দিতে আসবেন?’’ উত্তরে শাহরুখ বলেন, ‘‘হ্যাঁ, আসব তো। শুধু এ বার আমাকে শক্ত টুপি পরতে হবে।’’ শাহরুখের রসবোধ মারাত্মক। তাঁর বাড়িতে যে কাজ চলছে, ইঙ্গিতে সেই প্রসঙ্গ টেনেই এমন মজার ছলে উত্তর দিতে দেখা গেল অনুরাগীকে।
শাহরুখ সব সময়ই জানিয়েছেন, তাঁর জন্মদিন আর তাঁর একার নেই। এটা অন্যদের জন্য উৎসব। যদিও অভিনেতা সব সময় এমনই একটা জীবন চেয়েছিলেন বলেও জানান। ফলে তাঁকে ঘিরে এই উদ্দীপনা বেশ উপভোগ করেন।
