ওঙ্কার ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর শুটিং শুরু হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক হারে বাড়ছে কৌতুহল। এখনও পর্যন্ত ছবিটি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা প্রচারমূলক ঝলক প্রকাশ না হলেও, সম্প্রতি এই ছবির শুটিং ফ্লোর থেকে একটি ভিডিও ফাঁস হওয়ায় নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে যায়।
মঙ্গলবার নেটপাড়ায় হঠাৎই ভাইরাল হওয়া একটি অস্পষ্ট ভিডিওতে দেখা যায়। স্যুট পরা এক ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করতে উদ্যত। প্রসঙ্গত, শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘কিং ছবির অ্যাকশন দৃশ্যের ভিডিও ফাঁস। ভক্তদের মতে, তলোয়ার হাতের সেই ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি শাহরুখ খান ছাড়া আর কেউ নন, এবং এটি তাঁর আগামী ছবি ‘কিং’-এর অ্যাকশন সিকোয়েন্সের অংশ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষোভ এবং উন্মাদনা দুটোই ছড়িয়েছে। তবে ভিডিওর সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই ভিডিও কি AI দ্বারা নির্মিত? যদিও এই নিয়ে ছবিটির টিম বা শাহরুখ খান কেউই কোনও মন্তব্য করেনি।
এখনও ছবির টিমের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও পোস্টার বা প্রচার ঝলক সামনে আনা হয়নি। তবে অনেকেই অনুমান করছেন যে, ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে এই ছবির কোনও অনুষ্ঠান হলেও হতে পারে। গত দু’বছর শাহরুখের ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে তুমুল সাফল্য পেলেও, এরপর পর্দায় কোনও ছবিতে আসেননি তিনি। ফলে এই ছবির জন্য দর্শকদের অপেক্ষা এখন তুঙ্গে। ‘কিং’ ছবিটি দিয়ে ফের একবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে শাহরুখের যুগলবন্দী দেখতে পাবেন দর্শক। শাহরুখ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন এবং শাহরুখকন্যা সুহানা।
