ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। এবার মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দফতর, বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে ৬০ কোটি টাকার প্রতারণার মামলায় তলব করেছে। প্রথমে তাঁকে বুধবার হাজির হতে বলা হয়েছিল। তবে রাজ কুন্দ্রা সময় চেয়ে নেন, যার ফলে নতুন করে হাজিরার দিন ধার্য করা হয়েছে ১৫ই সেপ্টেম্বর ২০২৫।
শুধু রাজ কুন্দ্রাই নন, এই মামলায় ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনালের এক নিরীক্ষককেও সমন পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার মামলায় বিনিয়োগকারীদের বিপুল অঙ্কের অর্থ গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সেই অর্থের পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। তদন্তকারীদের অনুমান, রাজ কুন্দ্রার ভূমিকা এই মামলায় গুরুত্বপূর্ণ হতে পারে। তাই তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে। রাজ কুন্দ্রার আইনজীবী ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি এই তদন্তে সহযোগিতা করবেন। সব মিলিয়ে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই মামলার পরবর্তী ধাপ অনেকটাই পরিস্কার হবে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এই তারকা দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লোটাস ক্যাপিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি। তিনি তাঁর অভিযোগের মাধ্যমে জানিয়েছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ওই সংস্থায় তিনি ৬০ কোটি ৪৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। যখন তিনি ওই সংস্থায় বিনিয়োগ করেন তখন ৮৭.৬ শতাংশ শেয়ার শিল্পা ও রাজের নামে ছিল। দীপক জানিয়েছেন, রাজেশ আরেজ নামে এক ব্যক্তি তাঁকে তারকা দম্পতির সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর কাছে মোট ৭৫ কোটি টাকার ঋণ চাওয়া হয়েছিল। ১২ শতাংশ হারে সুদ পাওয়ার কথা ছিল তাঁর। তখন ঠিক হয়, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়া হবে তাঁকে। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মার্চের মধ্যে আরও ২৮.৫৪ কোটি টাকা বিনিয়োগ করেন তিনি। সব মিলিয়ে ৬০.৪৮ কোটি টাকার চুক্তি হয়েছিল। স্ট্যাম্প ডিউটি বাবদও ৩.১৯ লক্ষ টাকা খরচ হয়। এই প্রসঙ্গে, প্রশান্ত পাটিলের দাবি ছিল, “আমার মক্কেলদের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই মামলা করা হয়েছে। আমরা অভিযোগকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।” তবে এখন তিনি জানিয়েছেন, “রাজ তদন্তে সমস্তরকম সহযোগিতা করবেন।”
