ওঙ্কার ডেস্ক: জন্মের আগে থেকেই সেলিব্রিটিদের সন্তানদের লাইমলাইটে থাকা নতুন বিষয় নয়! সে জেহ-তৈমুর, রাহা হোক কিংবা ভামিকা-অকায়, অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তাঁদের সন্তানদের নিয়েও দর্শক-অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। বিশেষ করে তারকাসন্তানদের মুখ দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে। তবে সন্তানের মুখ প্রকাশ্যে আনা নিয়ে আবার তারকারা প্রায়শই রাজি হন না। বিরাট-অনুষ্কা প্রথম সন্তানদের জন্য ‘নো ফটো পলিসি’ শুরু করেছিলেন। তারপর একে একে রণবীর-দীপিকা, বর্তমানে রণবীর-আলিয়াও সেই পথে হেঁটেছেন। এবার সেই তালিকাতেই নাম লেখালেন সিদ্ধার্থ-কিয়ারাও।
মঙ্গলবার রাতেই জানা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর বুধবার দুপুরে সব সামলে তারকাদম্পতি নিজেই জানিয়েছেন যে, ‘চিরতরে আমাদের জীবন বদলে গেল, আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে।’ তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সকলকে মিষ্টিমুখ করিয়ে নতুন বিধিনিষেধ জারি করলেন তারকাদম্পতি। কন্যাসন্তান হওয়ায় গোলাপি রঙের প্যাকেটে মুড়ে পাপারাজ্জিদের সকলকে ব্যক্তিগতভাবে মিষ্টি পাঠিয়েছেন তাঁরা। আর তার সঙ্গে কার্ডে জুড়ে দেওয়া হয়েছে কিছু কথা ‘আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনও ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।’ প্রসঙ্গত, এই একইভাবে রণবীর-দীপিকাও পাপারাজ্জিদের আমন্ত্রণ জানিয়ে মেয়ে দুয়ার সঙ্গে পরিচয় করিয়েছিলেন। তবে সেইসঙ্গে তাঁদেরও অনুরোধ ছিল, মেয়ের ছবি যাতে না তোলা হয়। বিরুষ্কাও প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকেই এই বিধিনিষেধ তৈরি করেছিলেন। এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন সিদ্ধার্থ-কিয়ারাও।
