ওঙ্কার ডেস্ক: বিগত কয়েক সপ্তাহের মতো, এই সপ্তাহেও বেঙ্গল টপার ‘পরশুরাম আজকের নায়ক’। শুধু প্রথম স্থান নয়, নম্বরও বদল ঘটেনি এই ধারাবাহিকের। ৭ নম্বর পেয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। বদল হল না দ্বিতীয় স্থানাধিকারীও! ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে টিআরপি তালিকায়। প্রথম থেকেই এই ধারাবাহিক চমক দেখিয়ে তাঁর স্থান ধরে রেখেছে। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। টিআরপি তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে ‘পরিণীতা’। মাঝে কিছু সপ্তাহ জায়গা টলমল হলেও, আবারও সেরা পাঁচে ফিরে এসেছে রায়ান-পারুলের গল্প। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। এবার সকলকে চমকে দিয়ে পাঁচ থেকে চার নম্বরে উঠে এসেছে ‘চিরসখা’। গত সপ্তাহের তুলনায় বেড়েছে নম্বরও। অপরাজিতা অভিনীত ধারাবাহিকটি চলতি সপ্তাহে ৬.৫ নম্বর পেয়েছে। পাঁচ নম্বরে রয়েছে ‘রাঙামতী তীরন্দাজ’। প্রাপ্ত নম্বর ৬.২।
নায়িকার মুখ বদল হওয়ার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই একধাক্কায় ছয় নম্বরে নেমে এসেছে ‘চিরদিনই তুমি যে আমার’। এই সপ্তাহে জিতু-শিরিনের ধারাবাহিক পেয়েছে ৬.১। যদিও দুই তারকার অনস্ক্রিন রসায়ন দর্শকমহল থেকে বেশ ভালই প্রশংসা পাচ্ছে। সপ্তম স্থানে জোড়া ধারাবাহিক রয়েছে। ‘আমাদের দাদামণি’ এবং ‘জগদ্ধাত্রী’ একই স্থান দখল করেছে। প্রসঙ্গত, শীঘ্রই শেষের পথে ‘জগদ্ধাত্রী’। এক সময় টানা টিআরপি টপার হওয়া এই ধারাবাহিক সাড়ে তিন বছর পর এখনও সেরা ১০-এ নিজের জায়গা ধরে রেখেছে। আট নম্বরে ‘ও মোর দরদিয়া’ ও ‘ফুলকি’। ‘জোয়ার ভাঁটা’ নবম হয়েছে। সেরা ১০-এর শেষ সারিতে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। নতুন পুরনো ধারাবাহিক মিলিয়ে এবারের টিআরপি তালিকায় বেশ চমক রয়েছে। আগামীতে টিআরপি তালিকায় কার জায়গা অক্ষুন্ন থাকে এখন সেটাই দেখার।
