ওঙ্কার ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তাঁর নাম কিংবদন্তির তালিকায়। মাঠে অনবদ্য ব্যাটিং আর আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু ক্রিকেটার নন, তিনি মানুষের কাছে এক আবেগ। বহুদিন ধরেই তাঁর জীবনী গল্পের আকারে বড় পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার কিছুটা অবসান। জোরকদমে শুরু হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ। আর সেই ছবিকে ঘিরেই এবার নতুন চমক।
খবর, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়র চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিউড অভিনেতা রাহুল দেব বসু। ইতিমধ্যেই ছবির প্রস্তুতি শুরু করেছেন তিনি। সৌরভের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির মধ্যে পরিবার বরাবরই বিশেষ জায়গা জুড়ে রয়েছে। ক্রিকেট জীবনের নানা ওঠাপড়ায় দাদার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল বলেই ধারণা ঘনিষ্ঠ মহলের। ফলে এই চরিত্রটিও ছবিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ছবির নামও রাখা হয়েছে দাদা। পরিচালনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন। যদিও নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি। বলিউড অভিনেতা রাজকুমার রাও বড় পর্দায় ‘দাদা’ হয়ে উঠছেন। ইতিমধ্যেই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতেও শুরু করেছেন তিনি। ছবিতে সৌরভের স্ত্রীর চরিত্রেও থাকছে চমক। ডোনা গঙ্গোপাধ্যায়র চরিত্রে দেখা যেতে পারে এক জনপ্রিয় বলিউড অভিনেত্রীকে। সেই নিয়েও জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।
ক্রিকেটের ময়দান থেকে ব্যক্তিগত জীবন সব মিলিয়ে ছবি নিয়ে দর্শক মনে কৌতূহল ক্রমশ বাড়ছে। তাই ক্রিকেটপ্রেমী থেকে সিনেমাপ্রেমী সকলের নজর এখন ‘দাদা’র দিকেই।