ওঙ্কার ডেস্ক: বিয়ের পর মেয়েদের জীবনে আসে নানান বদল, আবার কেউ কেউ কাটান একেবারেই তাঁর মনের মত দিন। কিন্তু তাপসী পান্নুর জীবনে কি তেমন বদল এসেছে? এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী। অলিম্পিক পদকজয়ী ডেনিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো’র সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবনের বেশ কিছু তথ্য ভাগ করেছেন, যা তাঁর অনুরাগীদের কাছে বেশ কৌতূহলের।
প্রসঙ্গত, তাপসী জানিয়েছেন বিয়ের পরেও তাঁর জীবন একেবারেই আগের মতোই রয়েছে। জীবনের এই নতুন অধ্যায়টি তাঁর কাছে ‘বোঝা’ নয়। অভিনেত্রী বলেন, “আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত। জীবনের চাকাটা ঠিক আগের গতিতেই চলছে।” বিয়ের আগে থেকেই ম্যাথিয়াসের সঙ্গে সম্পর্কে ছিলেন তাপসী। তাই নতুন করে কোনও পরিবর্তনের চাপ তাঁকে নিতে হয়নি। সাক্ষাৎকারে তাপসী আরও জানান, ম্যাথিয়াস কখনওই তাঁর ওপর কোনও কিছুর চাপ সৃষ্টি করেননি। তার কথায়, “আমি বিয়ের আগে একটাই শর্ত রেখেছিলাম বিয়ের পরও যেন সবকিছু আগের মতোই থাকে। আমি চেয়েছিলাম আমাদের রসায়নটা যেন কোনওভাবেই বদলে না যায়। আর ঠিক তাই-ই হয়েছে।”
উদয়পুরে একটি ব্যক্তিগত এবং অন্তরঙ্গ অনুষ্ঠানে, দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ২০২৪ সালের মার্চ মাসে, জুটিতে গাঁটছড়া বাঁধেন এবং বিয়ের কয়েক দিন পরে, বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাথিয়াস বো-এর সঙ্গে প্রথম দেখা হয় তাপসীর। ২০১৩ সালে ডেটিং শুরু করেন দুজনে। তারপর দীর্ঘ প্রেমজীবনের পর বিয়ে সারেন তাঁরা।
অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে তাপসী অভিনীত ছবি ‘অস্সি’। পরিচালনার দায়িত্বে ছিলেন অনুভব সিনহা। ছবিটি মুক্তির পর থেকেই সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছে।
