ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার মানেই টেলিভিশনপ্রেমীদের কাছে ছিল টিআরপি প্রকাশের দিন। কোন ধারাবাহিক শীর্ষে, কোন মেগা পিছিয়ে পড়ল, তা জানার অপেক্ষায় থাকতেন দর্শক থেকে শুরু করে টেলিভিশনের সঙ্গে যুক্ত সকলে। কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহেই সেই দীর্ঘদিনের অভ্যাসে এল বড় পরিবর্তন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক-এর নির্দেশে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল আপাতত কোনও টেলিভিশন অনুষ্ঠানের টিআরপি প্রকাশ করবে না বলেই খবর ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, নতুন টেলিভিশন রেটিং পলিসি ২০২৬ অনুযায়ী লাইসেন্স নবীকরণ এবং টিআরপি প্রকাশের সকল নীতি যতদিন না মানা হচ্ছে ততদিন পর্যন্ত BARC-কে সব ধরনের টেলিভিশন রেটিং প্রকাশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে শুধু সংবাদ চ্যানেল নয়, বিনোদনমূলক ধারাবাহিক, রিয়্যালিটি শোসহ সব ধরনের টিভি কনটেন্টের সাপ্তাহিক টিআরপি তালিকাও আপাতত প্রকাশ করা হবে না। তবে এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বাংলা, হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষার টেলিভিশন চ্যানেলগুলির উপর। কারণ সাপ্তাহিক টিআরপি-ই এতদিন বিজ্ঞাপন, প্রোগ্রামিং কৌশল এবং ধারাবাহিকের জনপ্রিয়তা মূল্যায়নের অন্যতম প্রধান সূচক হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে এই টিআরপি তালিকা। টিআরপি প্রকাশ বন্ধ থাকায় কোন অনুষ্ঠান দর্শকদের মধ্যে কতটা জনপ্রিয়, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি, টেলিভিশনের কাজের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রী ভিন্ন মতামত পাওয়া গিয়েছে এই প্রসঙ্গে। কেউ কেউ জানিয়েছেন এই তালিকা শুধু মাত্র একটি সংখ্যাই মেগার খুব বেশি ক্ষেত্রে প্রাধান্য পায়না। তবে কারও কারও মতে, টিআরপি আসা তো অনেক দিনের অভ্যাস। তবে টিআরপিরও কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। একাংশের মতে, TRP না থাকলে বিরাট কোনও ক্ষতি হবে না। TRP তো আমাদের কাছে একটা সাপ্তাহিক রিপোর্ট। তাই একটা মোটিভেশন যে পাই, এটা অস্বীকার করব না। ফলে কাজের উৎসাহ বাড়ে।
উল্লেখ্য, এর আগে নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র সংবাদ চ্যানেলের টিআরপি প্রকাশ স্থগিত রাখা হয়েছিল। তবে এবার কেন্দ্রের নির্দেশ কার্যকর হলে সমস্ত টিভি প্রোগ্রামের রেটিং প্রকাশই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। BARC-এর লাইসেন্স নবীকরণ এবং নতুন নীতি মানা হলেই রেটিং প্রকাশ পুনরায় শুরু হতে পারে। তবে কবে সেই প্রক্রিয়া শেষ হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ফলে এই সপ্তাহ থেকেই আর মিলবে না টিআরপির রিপোর্ট কার্ড।