ওঙ্কার ডেস্ক: ইতিমধ্যেই পরিচালক অ্যাটলি-র নতুন প্যান-ইন্ডিয়া ছবি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। ‘AA22xA6’ এই ছবিতে প্রথমবার মতো জুটি বাঁধছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। শোনা যাচ্ছে, খুব শিগগিরিই ছবিটির শুটিং শুরু হবে। দীপিকা এই ছবির জন্য টানা ১০০ দিনের শিডিউল দিয়েছেন।
সূত্র মারফত খবর, “দীপিকা পাডুকোন ইতিমধ্যেই ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং নভেম্বর মাস থেকে শুটিং শুরু করবেন বলে আশা করা হচ্ছে। এই ছবির জন্য তিনি ১০০ দিন সময় বরাদ্দ করেছেন, যেখানে মূলত নাটকীয় ও অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। আল্লু অর্জুনের সঙ্গে এটি দীপিকা পাডুকোনের এক অন্যরকম ছবি হতে চলেছে তা বলাই বাহুল্য।” আরও জানা গিয়েছে, ছবিতে দীপিকাকে এই ছবিতে একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে এবং তাঁর জন্য বিশেষ পোশাক ও অস্ত্র তৈরি করা হচ্ছে।
এই ছবিতে আল্লু অর্জুন এবং দীপিকা দু’জনেরই একাধিক চরিত্র রয়েছে। সূত্র অনুযায়ী, ছবিটির শুটিং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এটি মুক্তি পেতে পারে।
পরিচালক অ্যাটলির এই ছবিটি আল্লু অর্জুনের সঙ্গে তাঁর প্রথম কাজ। আল্লু অর্জুন সম্প্রতি ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে কাজ করেছেন। AA22xA6 ছবিটি বিশাল বাজেটে তৈরি করা হচ্ছে এবং এটি প্যান-ইন্ডিয়া স্তরে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিতে ভরপুর অ্যাকশনের সঙ্গে ইমোশনাল ড্রামাও থাকবে।
দীপিকা পাডুকোন মা হওয়ার পর ‘কিং’ এবং অ্যাটলির এই ছবি দিয়ে আবার ক্যামেরার সামনে ফিরতে চলেছেন। ২০২৬ সালের শেষের দিক থেকে তিনি এই দুটি ছবির কাজ একসঙ্গে সামলাবেন। অন্যদিকে, আল্লু অর্জুনের সর্বশেষ ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এ দেখা গেছে। তাঁর ‘পুষ্পা রাজ’ চরিত্রটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এছাড়াও তিনি ত্রিভিক্রম শ্রীনিবাসের একটি সোশিও-পৌরাণিক ফ্যান্টাসি ছবিতে কাজ করবেন এবং বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ৩’-তেও তাঁকে দেখা যেতে চলেছে।
