ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার চর্চিত দম্পতি কাঞ্চন-শ্রীময়ী। সম্পর্ক-বিয়ে থেকে সন্তানের জন্ম সবকিছু নিয়েই বারবার আলোচনার শীর্ষে থেকেছেন এই জুটি। তবে এই আলোচনায় একদমই কান দেন না তাঁরা। তবে এবার নিজেদের প্রেমমাখা মুহূর্ত ফের সোশাল মিডিয়ায় শেয়ার করে চর্চায় তারকাদম্পতি।
শনিবার, সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেন কাঞ্চন-শ্রীময়ী। সেখানে দেখা যায় বিছানায় সাদা পাশাপাশি শুয়ে আছেন তাঁরা। আর যে ছবি নিয়ে সবথেকে বেশি আলোচনা তা হল কাচের জানলার ওপারে স্কাইলাইনে ফুটে ওঠা তাঁদের প্রতিবিম্ব। যে ছবিতে দেখা গিয়েছে ঠোঁটে ঠোঁট রেখে প্রেমে ব্যস্ত তাঁরা। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা কোনও গণ্ডি মানে না’। ছবিগুলি ও তার ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে দম্পতির একান্তে কাটানো মুহূর্তই ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়। আর তা ভাইরাল হয়েছে দ্রুত গতিতে। সেখানে চোখ রাখলেই দেখা যাচ্ছে নানা মানুষ নানা মতে ভরিয়েছেন কমেন্ট বক্স।
কেউ মন্তব্য করেছেন, ‘এটা কি দ্বিতীয় হানিমুন?’, কেউ আবার লিখেছেন, ‘কেন সোশাল মিডিয়াতে এই ছবি পোস্ট করেছেন?’, কারও আবার মত, ‘ভালো আছেন সেটা বোঝানোর চেষ্টা করছেন এভাবে? এগুলো না করলেও চলে।’ উল্লেখ্য, ২০২৪ সালের ৬ মার্চ শ্রীময়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন। বিয়ের সময় কাঞ্চনের বয়স ছিল ৫৩ বছর, অন্যদিকে শ্রীময়ী ছিলেন ২৭ বছরের। তাঁদের বিষয়ে নানা প্রশ্ন উঠেছে নানা সময়। তবে এইসব বিষয়ে তাঁরা দু’জন কখনওই কান দেননি, সন্তানকে নিয়ে চুটিয়ে সংসার করতে ব্যস্ত তারকাদম্পতি।
