ওঙ্কার ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্দানার সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন সঙ্গীত পরিচালক পলাশ মুছল। কিন্তু তাঁদের বিয়ে ভেঙে যাওয়ার পরও বারবার আলোচনায় এসেছেন দুই তারকাই। যদিও আবার তাঁদের দূরত্ব কমে যাওয়ার খবরও সামনে এসেছিল। এরই মাঝে গুরুতর আইনি সমস্যায় জড়িয়ে পড়লেন পলাশ। তাঁর বিরুদ্ধে নাকি মামলা দায়ের করেছেন স্মৃতি মান্দানারই এক ঘনিষ্ঠ বন্ধু।
প্রসঙ্গত, পলাশের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই ব্যক্তির প্রতি জাতিবিদ্বেষী মন্তব্য করেছেন। সেই বন্ধুর মতে, একটি কথোপকথন বা ঘটনার সময় পলাশ তাঁকে উদ্দেশ্য করে অপমানজনক এবং জাতিবিদ্বেষী শব্দ ব্যবহার করেছিলেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ নির্দিষ্ট ধারায় পলাশের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। যদিও বিষয়টি এখনও তদন্তাধীন পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, পলাশ মুছল এবং স্মৃতি মান্দানার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে চর্চা হয়। তবে জানা গিয়েছে এই আইনি বিবাদে স্মৃতির সরাসরি কোনও যোগসূত্র নেই। জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ভারতে অত্যন্ত সংবেদনশীল এবং কড়া আইনি অপরাধ। ফলে এই মামলাটি পলাশের পেশাদার ও ব্যক্তিগত জীবনে বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই একাংশের অনুমান। বর্তমানে পুলিশ এই পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। পলাশ বা তাঁর টিমের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি সামনে আসেনি।