ওঙ্কার ডেস্ক: ‘হোক কলরব’ ছবির সংলাপ ঘিরে গত দিন দুয়েক ধরে সোশাল মিডিয়ায় ব্যাপক উত্তেজনা। গতকাল থেকে সেই উত্তেজনার পারদ আরও বেড়ে যায়। পুলিশের উর্দি গায়ে শাশ্বত চট্টোপাধ্যায় যে সংলাপ আওড়েছেন, তা নিয়েই বর্তমানে চর্চা তুঙ্গে। টিজারের এক দৃশ্যে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনেতাকে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!” আর সেই সংলাপ ঘিরেই প্রতিবাদে মুখর হয়েছেন দর্শকমহলের একাংশ।
এহেন পরিস্থিতিতে রাজ জানান, “এই ছবির মূল চরিত্রের নাম ক্ষুদিরাম চাকী। তিনি একজন পুলিশ অফিসার। সিনেমায় এমন কথা কেন বলেছেন, সেটা সিনেমায় পরিস্কার হবে। আগে মানুষ দেখুক। প্রয়োজনে সংলাপ বাদ দেওয়া যাবে। আর বাঙালিরা মনীষীদের সম্মান করতে জানে।” আগামী ২৩ জানুয়ারি বড়পর্দায় আসতে চলেছে রাজ চক্রবর্তীর এই চর্চিত সিনেমা ‘হোক কলরব’। এগারো বছর আগে রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান উত্তাল হয়েছিল, সেই স্লোগানকে হাতিয়ার করেই এবার ছাত্র রাজনীতির গল্প বুনেছেন পরিচালক।
