ওঙ্কার ডেস্ক: পর্দা থেকে বেশ কয়েকদিন যাবত দূরে রয়েছেন অভিনেতা ঋজু বিশ্বাস। কিন্তু সম্প্রতি শাড়ি বিতর্কে চর্চার শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা। সোশাল মিডিয়ায় মহিলাদের তাঁর পাঠানো ‘ইউ লুক গুড ইন শাড়ি’ মেসেজই নিয়ে ট্রোলিংয়ের শিকার হন অভিনেতা। কেন এই মেসেজ পাঠিয়েছেন তিনি বিভিন্ন মহিলাদের তা নিয়েও মুখ খুলেছেন অভিনেতা। এবার বিতর্ক অতীত, পর্দায় ফিরতে চলেছেন ঋজু। সোজা একেবারে বড়পর্দায়। এবার খবর, শৌভিক ভট্টাচার্যের পরিচালনায় ‘উপসংহার’ ছবিতে দেখা যাবে তাঁকে। কিন্তু এই ছবির আকর্ষণ অন্য জায়গায়, তা হল ঋজুর পাঠানো সেই মেসেজ। ‘শাড়িতে তোমাকে ভালো লাগছে’, সেটাই নাকি হয়ে উঠবে এই ছবির ‘ক্যাচলাইন’। ছবিতেও সেই সংলাপ শোনা যাবে ঋজুর মুখে। ঋজুর বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী পায়েল রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ও। ছবিতে দাম্পত্য, বন্ধুত্ব, ত্রিকোণ প্রেম ছাড়াও একটা সম্পর্কে সমতাও যে কতটা জরুরী তা তুলে ধরা হবে। কিছুদিনের মধ্যেই শুরু হবে ছবির ডাবিংয়ের পর্বও। তবে অভিনেতা বিভিন্ন মহিলাকে পাঠানো মেসেজের ঘটনা সমাজমাধ্যমে বিতর্কের ঝড় তৈরি করেছিল। কিন্ত এ যেন সাপে বর পাওয়ার ঘটনা, বর্তমানে সেই বিতর্কের মধ্যেই সিনেমায় যোগ দিলেন অভিনেতা। এবার দেখার দর্শক এই ছবিকে কতটা জনপ্রিয় করে তোলেন।
