ওঙ্কার ডেস্ক: ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, ২৩ সেপ্টেম্বর, নয়াদিল্লিতে। আর সেখানেই লেখা হল নতুন ইতিহাস। প্রথমবারের জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা’র জাতীয় পুরস্কার পেলেন বলিউডের অভিনেতা অভিনেত্রী, শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়।
এদিন কালো স্যুট-সাদা শার্টে, সল্ট-অ্যান্ড-পেপার লুকে অনুষ্ঠানে হাজির হয়েছেন শাহরুখ। কাঁচাপাকা চুলের শাহরুখের এই লুক দেখামাত্র সারা পড়ে যায় সমাজমাধ্যমে। তার আসন্ন ছবি ‘কিং’-ছর লুকেই এদিন হাজির হয়েছেন শাহরুখ!
অভিনেতার পাশে দেখা গেল তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কেও। দর্শকরা আবেগে ভাসলেন যখন অভিনেতার আসনের সামনে বড় বড় হরফে লেখা ছিল, ‘শ্রী শাহরুখ খান’।
অবশেষে তিন দশক পর শাহরুখ পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালের মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলছেন তিনি। নিজের প্রতিক্রিয়ায় শাহরুখ বলেন—“জাতীয় পুরস্কার পাওয়া আমার জীবনের এক অবিস্মরণীয় সম্মান। আজীবন এই মুহূর্ত আমি আজীবন মনে রাখব।” পাশাপাশি রানি মুখোপাধ্যায়ও প্রথমবার জাতীয় পুরস্কারের মঞ্চে। প্রায় ৩০ বছরের কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন রানি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান জিতলেন তিনি। ঘোষণার পর থেকেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি জুড়ে, আর এবার হাতে পুরস্কার পেয়ে সম্পূর্ণ হল রানির অপেক্ষা।
শাহরুখ নিজের ইনস্টাগ্রামে রানিকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন— “জাতীয় পুরস্কার… আমাদের দুজনের অপূর্ণ ইচ্ছে অবশেষে পূরণ হল। অভিনন্দন রানি, তুমি সত্যিই রানি। ভালবাসা রইল অফুরান।”
একসঙ্গে শাহরুখ-রানির জাতীয় পুরস্কার জয় নিঃসন্দেহে বলিউডের জন্য এক ঐতিহাসিক দিন।
