ওঙ্কার ডেস্ক: জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে সারা দেশ গভীর শোকে বিহ্বল। অসম সরকার তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ৫২ বছর বয়সী এই জনপ্রিয় অসমীয়া শিল্পী গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংএ, দুর্ঘটনায় প্রাণ হারান। গুয়াহাটিতে তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ।
ভক্তদের আবেগের কথা মাথায় রেখে অসম সরকার এবার এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে। জুবিন গর্গের চিতাভস্ম অনলাইনে বিতরণ করা হবে। শুধু তাই নয়, কামারকুচিতে, তৈরি হবে স্থায়ী স্মৃতিসৌধ। জানা গেছে, কামারকুচি জোরহাটে জুবিন গর্গ তাঁর জীবনের বেশ কিছু সময় কাটিয়েছিলেন।
অসমের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রণজ পেগু জানিয়েছেন, শ্মশানের ওই স্থানটি অবিলম্বে সুরক্ষিত করা হবে। তিনি বলেন, “যেখানে চিতা সাজানো ও দাহ করা হয়েছিল, সেই জায়গাটি সুরক্ষিত করা হবে। অস্থায়ী ব্যারিকেড ইতিমধ্যেই বসানো হয়েছে, আর আজ রাত থেকেই দেওয়ালের কাজ শুরু হবে।” মন্ত্রী আরও জানান, “অসম সরকার একটি সহজ অনলাইন পোর্টাল চালু করবে, যেখানে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান আবেদন করে তাঁদের প্রিয় শিল্পীর চিতাভস্ম সংগ্রহ করতে পারবে।
মন্ত্রী জানিয়েছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই কামারকুচির দাহস্থানে কাজ শুরু হবে।’ জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকি গর্গ এবং পরিবারের অনুরোধে অস্থি জোরহাটে নিয়ে যাওয়া হবে, যাতে ১৩তম দিনের সব রীতি সম্পন্ন করা যায়। আরও জানা গিয়েছে, “অস্থি থাকবে রাজ্যের সংস্কৃতি বিষয়ক দফতরের কাছে। আগামী দু’দিনের মধ্যেই পোর্টাল চালু হবে। সরকার যে কোনও সুযোগ হাতছাড়া করছে না তাঁদের প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে, সেকথা বলাই বাহুল্য।
