ওঙ্কার ডেস্ক: সদ্যই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছেন, সাতপাকে বাঁধা পড়ছেন তিনি। চুটিয়ে সংসার করার মাঝেই নতুন সমস্যা তাঁর জীবনে। টলিউডে গুঞ্জন, শ্যামৌপ্তি মুদলীর জীবনে নাকি তাঁর ‘প্রাক্তন’ ফিরে এসেছেন! অভিনেত্রী নাকি নিজেই ফিরিয়ে এনেছেন তাঁকে। না না তেমন কোনও বিষয় নেই, বাস্তবে নয় সবটাই ঘটবে পর্দাতে। বিয়ের পর থেকেই তিনি কাজে যোগ দিয়েছেন, স্বাভাবিক ভাবেই ব্যস্ত হয়ে পড়েছেন তাতে বেশ খুশি অভিনেত্রী।
জানা গিয়েছে, অভ্রজিৎ সেন নতুন একটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য নতুন সিরিজ তৈরি করছেন। খুনের আবহে ত্রিকোণ প্রেমের গল্প! সেখানেই তিন জন সুহোত্র মুখোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলী, সৌম্য মুখোপাধ্যায়। এই গল্পে শ্যামৌপ্তি গৃহবধূ। খুনের মামলায় জড়িয়ে পড়বেন তিনি ও তাঁর স্বামী। আর সেখান থেকেই মুক্তি পেতেই ‘প্রাক্তন’র দ্বারস্থ হবেন তিনি। পর্দায় যা দেখানো হয়, তা নাকি বাস্তবের ছায়াই! অভ্রজিৎ-এর এই রোমান্টিক-থ্রিলার সিরিজে শ্যামৌপ্তি মুদলি ছাড়াও থাকবেন, সুহোত্র মুখার্জি ও সৌম্য মুখার্জি। এছাড়াও থাকবেন টলিপাড়ার বহু পরিচিত মুখ। শুটিং শুরু হলেও এখনও পর্যন্ত এই সিরিজের নাম চূড়ান্ত হয়নি। তবে জানা যাচ্ছে জমাটি গল্পের বাঁধনে দর্শকের জয় করতে প্রস্তুত এই সিরিজ। বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘সব সময়’। আর প্রথম স্লটেই আসবে সুহোত্র, শ্যামৌপ্তি ও সৌম্যর এই সিরিজ।
