ওঙ্কার ডেস্কঃ এপস্টাইন ফাইলে জুড়ে গেল অনিল আম্বানির নাম। মার্কিন বিচার দফতরের তরফে প্রকাশিত নথিতে অনিল আম্বানি ও জেফ্রি এপস্টাইনের একাধিক বার্তা ও ই-মেলের উল্লেখ রয়েছে। সেই নথি অনুযায়ী, এই যোগাযোগ এপস্টাইনের দিক থেকেই হয়েছে। প্রকাশ্যে এসেছে দুই তরফের বিতর্কিত এক চ্যাটও।
সূত্রের খবর, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনিল আম্বানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এপস্টাইন। দুজনের বার্তালাপে উঠে এসেছে আন্তর্জাতিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্য এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রসঙ্গ। দু’জনের মধ্যে সরাসরি সাক্ষাতের পরিকল্পনাও হয়েছিল। কিন্তু সেটা হয়নি।
ফাইলে একটি চ্যাট প্রকাশিত হয়েছে। সেটা ২০১৭ সালের। সেই বছর ৯ মার্চ দু’জনের মধ্যে একটি বার্তালাপ হয়। সেখানে অনিল আম্বানি জানতে চান, “আপনি কাকে সাজেস্ট করছেন?” এপস্টাইন লেখেন, “সফরটা মজার করতে একজন লম্বা, স্বর্ণকেশী সুইডিশ মহিলা”। কুড়ি সেকেন্ডের মধ্যে আম্বানির জবাব আসে, “তাহলে ব্যবস্থা করুন।” এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে।
২০১৯ সালের মে মাসে নিউ ইয়র্ক সফরের কথা এপস্টাইনকে জানিয়েছিলেন আম্বানি। এপস্টাইন তাঁকে লেখেন, “যদি এমন কিছু মানুষের সঙ্গে নিভৃতে দেখা করতে চান, আমাকে জানান।” যদিও সেই ব্যক্তিরা কারা, তা স্পষ্ট নয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, ম্যানহাটনের আপার ইস্ট সাইডে এপস্টাইনের বাড়িতে তাঁদের একবার সাক্ষাৎ হয়েছিল। এই বিষয়ে অনিল আম্বানির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, ২০০৮ সালেই নাবালিকা ধর্ষণ ও পাচারের অভিযোগে এপস্টাইনের বিরুদ্ধে মামলা হয়। ২০১৯ সালের অগস্টে ফের গ্রেফতার হওয়ার পর, এক মাসের মধ্যেই জেলে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুকে সরকারিভাবে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে।
