ওঙ্কার ডেস্ক: চাকরির আশ্বাস দিয়ে অন্ধ্রপ্রদেশের এক যুবককে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ। বলা হয়েছিল, সেখানে ফল প্যাকিংয়ের কাজ করতে হবে। কিন্তু রাশিয়ায় পৌঁছনোর পর তাঁকে প্রতারণা করে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। এরপর পাঠানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। ছেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে এবার কেন্দ্র ও অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে আবেদন জানালেন তাঁর মা। মায়ের আকুতি, যেভাবেই হোক ছেলেকে ফিরিয়ে আনা হোক।
সংবাদসংস্থার রিপোর্ট অনুসারে, ওই যুবকের নাম জে বংশী। সম্প্রতি তিনি আরও চার ভারতীয়কে সঙ্গে নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তাঁরা জানিয়েছেন, তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে পাঠানো হচ্ছে। সেখানে প্রাণহানির আশঙ্কা রয়েছে। ভিডিওতে বংশী জানান, তাঁরা রাশিয়ায় কাজের সন্ধানে গিয়েছিলেন। এক নেপালি ব্যক্তি তাঁদের সেনাবাহিনীতে খাবার প্যাকিংয়ের কাজের প্রস্তাব দেন। বিনিময়ে ভালো বেতনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে রাজি হয়েই তাঁরা রাশিয়া যান। সেখানে পৌঁছে রুশ ভাষায় লেখা কিছু নথিতে সই করানো হয় তাঁদের। ভাষা বুঝতে না পারায় নথিগুলিতে কী লেখা ছিল, তা তাঁরা জানতে পারেননি। পরে তাঁদের জানানো হয়, ভারতীয় নাগরিকত্ব আর নেই। তাঁরা রাশিয়ার নাগরিক হয়ে গিয়েছেন। ভিডিও বার্তায় বংশী দাবি করেন, ভারতীয় নাগরিকত্বের বিষয়ে প্রশ্ন করলে তাঁদের জানানো হয়, তাঁরা আর ভারতীয় নন। তাঁদের রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে। বংশীর কথায়, শুরুতেই বিষয়টি জানানো হলে তাঁরা কোনওভাবেই ওই নথিতে সই করতেন না। এখন তাঁরা নিজেদের ভারতীয় নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। সম্মুখসমর থেকে জীবিত ফিরে আসার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন বংশী।
অন্য দিকে এই ভিডিও সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে তাঁর পরিবারে। ছেলেকে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন বংশীর মা জে আপ্পালাকোন্ডা। তাঁর অভিযোগ, ফল প্যাকিংয়ের কাজ দেওয়ার কথা বলে ছেলেকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে প্রতারণা করে তাঁকে সেনাবাহিনীতে যুক্ত করা হয়।