ওঙ্কার ডেস্ক: জাতীয় শিক্ষানীতি ২০২০ এতদিন রাজ্যে পুরোপুরি কার্যকর হয়নি। গত মে মাসে ক্ষমতায় আসার পর নতুন বিজেপি সরকার এই নীতি অনুসরণ করেই রাজ্যের শিক্ষাব্যবস্থা পরিচালনার কথা ঘোষণা করে। সেই সিদ্ধান্তের পর স্কুল ও উচ্চশিক্ষা ক্ষেত্রে একাধিক সংস্কারের পরিকল্পনা শুরু হয়েছে। এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রম, পঠনপাঠন এবং মূল্যায়ন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই লক্ষ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি অভিন্ন কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনতে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। গত অগস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে এই কমিটি তৈরি হয়। ইতিমধ্যেই কাজ শুরু করেছেন সদস্যরা। জাতীয় শিক্ষানীতি ২০২০-কে ভিত্তি করে এমন একটি পাঠ্যক্রমের রূপরেখা তৈরি করাই তাঁদের প্রধান লক্ষ্য। প্রস্তাবিত কাঠামো রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নতুন ব্যবস্থায় শুধু পাঠ্যসূচি নয়, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তনের ভাবনা রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনার কাঠামো ও নিয়মে সামঞ্জস্য আনার চেষ্টা চলছে। তবে বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকারে হস্তক্ষেপ করা হবে না বলেও জানানো হয়েছে। প্রস্তাবিত কাঠামোর মধ্যে থেকেই নিজেদের প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন করতে পারবে বিশ্ববিদ্যালয়গুলি।
নতুন পাঠ্যক্রমে বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’ বা ভারতীয় জ্ঞানচর্চা (আইকেএস)। ভারতের প্রাচীন জ্ঞান, ঐতিহ্য ও চিন্তাধারাকে বিভিন্ন বিষয়ের পাঠ্যসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অর্থনীতির পাঠে অন্তর্ভুক্ত হতে পারে চাণক্যের অর্থনৈতিক ভাবনা এবং রাষ্ট্র পরিচালনার ধারণা। গণিতের ক্ষেত্রে গুরুত্ব পাবে বৈদিক গণিত ও প্রাচীন ভারতীয় গণনার পদ্ধতি। সাহিত্যের পাঠ্যক্রমেও জায়গা পেতে পারে প্রাচীন ভারতীয় সাহিত্য।
কমিটির উদ্দেশ্য, আধুনিক শিক্ষার সঙ্গে দেশের ঐতিহাসিক জ্ঞানভাণ্ডারের যোগসূত্র তৈরি করা। এজন্য ভারতীয় জ্ঞানচর্চাকে আলাদা একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রমেই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন শিক্ষাকাঠামোয় ইন্টার্নশিপ এবং দক্ষতাভিত্তিক শিক্ষার উপরেও জোর দেওয়া হচ্ছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়। প্রস্তাবিত ব্যবস্থায় প্রত্যেক পড়ুয়াকে ইন্টার্নশিপ করতে হবে।