স্পোর্টস রিপর্টার, ওঙ্কার বাংলা: জট কেটেছে আইএসএলের। এবারে আই লিগ শুরুর পথে ভারতীয় ফুটবল। বৃহস্পতিবার আই লিগ ২০২৫-২৬ এর শুরুর দিন, ফরম্যাট ঠিক করতে আলোচনায় বসেছিলেন আইলিগ ক্লাব জোটের প্রতিনিধিরা। দুই পর্যায়ের লিগ ফরম্যাটের কথাও বলা হয়। প্রসঙ্গত, এবারে আই লিগের নাম বদল করা হচ্ছে। নয়া নাম হবে ‘ইন্ডিয়ান ফুটবল লিগ।’
আইলিগ গভর্নিং কাউন্সিলে গোকুলাম কেরালা, নামধারী, রাজস্থান ইউনাইটেড, ডায়মন্ড হারবার, রিয়েল কাশ্মীর, শিলং লাজং, শ্রীনিধি ডেকান, আইজল, ডেম্পোর প্রতিনিধিরা থাকবেন এআইএফএফের প্রতিনিধির সঙ্গে। অপারেশনাল নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে ম্যানেজমেন্ট কমিটির হাতে। তাতে রিয়েল কাশ্মীর, গোকুলাম, লাজং, রাজস্থান ইউনাইটেড, ডায়মন্ড হারবারের প্রতিনিধি থাকবেন। কোনও কমিটিতেই গোয়ার ক্লাব চাচিল বাদার্স নেই। আইলিগে চ্যাম্পিয়নশিপ বিতর্কে তাদের থেকে ট্রফি কেড়ে প্রকৃত বিজয়ী ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন করায় তারা বয়কট করেছে। আই লিগে নামা নিয়েও অনিশ্চিত তারা।
আইলিগ শুরু হওয়ার কথা ২১ ফেব্রুয়ারি থেকে নতুন ফরম্যাটে। চাচিল না খেললে ১০ দলে হবে টুর্নামেন্ট। প্রথম দফায় অংশগ্রহণকারী সব ক্লাব দল সিঙ্গল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে রাউন্ড রবিন লিগ ম্যাচে অংশ নেবে। দ্বিতীয় দফায় দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হবে। ১১ দলের লিগ হলে ওপরের ৬, আর ১০ দলের লিগ হলে ওপরে ৫টি দলকে নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি রাউন্ড রবিন লিগ। আশা করা হচ্ছে মে মাসে শেষ করা হবে টুর্নামেন্ট। কলকাতার ডায়মন্ডহারবার এফসি হোম ম্যাচ খেলবে নৈহাটী অথবা কিশোর ভারতীতে।
