ওঙ্কার ডেস্ক: রাজ্যের এসআইআর সংক্রান্ত ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে চিঠি দিয়েছেন তিনি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন নামগুলির নিষ্পত্তির দায়িত্ব সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের হাতে দিয়েছিল। শীর্ষ আদালতের নির্দেশ ছিল, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইবুনাল গঠন করতে হবে। সেই মতো প্রধান বিচারপতি ট্রাইবুনাল তৈরি করেন। বর্তমানে ওই ট্রাইবুনালেই বিবেচনাধীন ভোটারদের নাম সংক্রান্ত আবেদনের শুনানি ও নিষ্পত্তি চলছে। এই ট্রাইবুনালের সদস্য ছিলেন বিচারপতি বসু। তাঁর দায়িত্বে ছিল মুর্শিদাবাদ জেলার বিবেচনাধীন ভোটারদের নাম সংক্রান্ত মামলাগুলি।
উল্লেখ্য, মাসখানেক আগে ট্রাইবুনাল থেকে ইস্তফা দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তিনি যাতায়াতের সমস্যার কথা উল্লেখ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, সল্টলেকের বাড়ি থেকে জোকার ট্রাইবুনালে পৌঁছতে প্রতিদিন ভাঙাচোরা রাস্তা পেরোতে হচ্ছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন দায়িত্ব পালন করা তাঁর পক্ষে কঠিন। সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এ বার ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন বিচারপতি বসুও। এসআইআর নিয়ে বিতর্কের আবহে ট্রাইবুনালে জমে থাকা আবেদনের দ্রুত নিষ্পত্তি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কাজের চাপ সামলাতে বিচারপতির সংখ্যা বাড়ানোর দাবিও উঠছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে আরও এক বিচারপতির সরে যাওয়া নিষ্পত্তির প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।