গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রীকে একবার সামনে থেকে দেখবেন এবং তাঁর হাতে পবিত্র গীতা তুলে দেবেন। এই ইচ্ছা নিয়ে রাস্তার ধারে গেটের সামনে দাঁড়িয়েছিলেন ৯০ বছরের এক বৃদ্ধ। হাতে গীতা, চোখে অপেক্ষা। শেষ পর্যন্ত পূরণ হল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।
আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও সভা রয়েছে। সেই উদ্দেশেই রওনা হয়েছিলেন শুভেন্দু। কিন্তু মাঝপথে আচমকাই ওই বৃদ্ধের দিকে নজর পড়ে মুখ্যমন্ত্রীর। বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে কনভয় থামানোর নির্দেশ দেন তিনি। এরপর নিজে গাড়ি থেকে নেমে বৃদ্ধের কাছে যান।
এদিন বৃদ্ধের পরণে ছিল গেরুয়া পোশাক। হাতে ছিল মুখ্যমন্ত্রীর জন্য উপহার, একটি গীতা। বৃদ্ধের হাত থেকে গীতা গ্রহণ করেন তিনি। প্রিয় মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি ওই বৃদ্ধ। আনন্দে চোখে জল চলে আসে তাঁর। বৃদ্ধের আবেগ দেখে আপ্লুত হন মুখ্যমন্ত্রীও। বৃদ্ধকে তিনি বলেন, “ভালো থাকুন, আশীর্বাদ করুন।” এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে গীতা তুলে দিতে পারার আনন্দে চোখের জলেই মনের কথা প্রকাশ করেন তিনি। মুহূর্তটি উপস্থিত সকলের কাছে হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়।