ওঙ্কার ডেস্ক: নবম শ্রেণীর এক ছাত্রীকে তার বাড়ির ভেতরে ঢুকে গণধর্ষণ করার অভিযোগ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। অভিযোগ, চার জন ছেলে মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করেছে। অভিযুক্তদের মধ্যে তিন জনই স্কুল থেকে নির্যাতিতার সঙ্গে পরিচিত ছিল। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে মেয়েটি বাড়িতে একা ছিল। তার মা বাজারে গিয়েছিলেন। সেই সময় এই ঘটনাটি ঘটেছে। এক আধিকারিক বলেন, ‘ইনস্টাগ্রামে নাবালিকা মেয়েটির সঙ্গে একটি ছেলের যোগাযোগ হয়। সেই ছেলেটি দেখা করার জন্য তাকে বার্তা দিয়েছিল। রবিবার সকাল ১১.৩০ টা নাগাদ ওই ছেলেটি-সহ চার জন নাবালিকার বাড়িতে যায়। বাড়ি গিয়ে দরজায় ধাক্কা দেওয়ার পর ওই ছাত্রী গেট খুললে চার জনেই ঘরের মধ্যে ঢুকে যায়। তার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ।’ তিনি আরও বলেন, ‘ওই নাবালিকার মা বাজার থেকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা। তিনি ভেতরে গিয়ে দেখেন তাঁর মেয়ের সঙ্গে রয়েছেন চার ছেলে। নাবালিকাকে ঘর থেকে বের করে এনে অভিযুক্তদের ঘরের মধ্যে আটকে রেখে পুলিশকে ফোন করেন তিনি।’ এদিকে পুলিশ পৌঁছানোর আগে আবাসনের কিছু লোকজন বাড়িতে পৌঁছে অভিযুক্তদের ছেড়ে দেয় বলে অভিযোগ।
কবিনগরের এসিপি ভাস্কর ভার্মা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নাবালিকার বাবা চার ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্তরা সকলেই একাদশ, দশম এবং নবম শ্রেণিতে পড়ে। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মেয়েটির বয়ান এখনও রেকর্ড করা হয়নি এবং দোষীদের গ্রেফতার করা হয়নি।’
