ওঙ্কার ডেস্ক: কলেজের দুই অধ্যাপকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আত্মঘাতী হল এক ডাক্তারি ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয়ে। কলেজ চত্বরে ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে বলে খবর মিলেছে। হস্টেল থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দুই অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ছাত্রী ডেন্টাল সার্জারি বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। হস্টেল থেকে তার দেহ উদ্ধার হয়েছে। মিলেছে একটি সুইসাইড নোটও। সেখানে ওই ছাত্রী কলেজের ডেন্টাল বিভাগের এক অধ্যাপক এবং এক অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সুইসাইড নোটে অভিযোগ করা হয়েছে, দুই অধ্যাপক তাকে মানসিক নির্যাতন করতেন। গোটা ঘটনার কথা প্রকাশ্যে আসতে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। তারা কলেজে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে হস্টেলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ডাক্তারি পড়ুয়ার আত্মহত্যা নিয়ে কোনও বিবৃতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ। তবে কলেজ থেকে তাঁদেরকে সাসপেন্ড করা হয়েছে।
অভিযুক্ত দুই অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে গ্রেটার নয়ডা পুলিশের অতিরিক্তি কমিশনার (এডিসিপি) সুধীর কুমার বলেন, ‘শুক্রবার খবর পাই আমরা যে এক ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। ফরেন্সিক দলও আমরা যাই ঘটনাস্থলে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে যেখানে বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপকের নাম ছিল। ইতিমধ্যে এফআইআর দায়ের করেছি। দুজনকে গ্রেফতার করা হয়েছে।’
