বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা: বৃদ্ধকে হাত পা বেঁধে নৃশংসভাবে হত্যা। অভিযোগ উঠল তাঁরই ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধনবেড়িয়া গ্রামে। অভিযোগ, সম্পত্তির লোভে খুন করা হয়েছে বৃদ্ধকে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত পুত্রবধূকে। পলাতক ছেলে।
সূত্রের খবর, মৃতের নাম জ্যোতিরিন্দ্রনাথ নস্কর (৭২)। অভিযোগ,মঙ্গলবার বাড়িতেই ছেলে রামপ্রসাদ নস্কর ও পুত্রবধূ শিখা নস্কর মিলে বৃদ্ধের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় শরীরের একাধিক জায়গায়। বৃদ্ধ আর্তনাদ করলেও অত্যাচার থামেনি বলে অভিযোগ প্রতিবেশীদের। জানা যাচ্ছে, গতকাল অশান্তির সময় কোনভাবে শিখা নস্করের চোখে আঘাত লাগে। তখন স্ত্রীকে নিয়ে হাসপাতালে চলে যায় বৃদ্ধের ‘গুনধর’ পুত্র। তখনও হাত-পা বাঁধা অবস্থাতেই ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বৃদ্ধ। পরে বিকেলের দিকে যখন অভিযুক্ত ছেলে বৌমা বাড়ি ফেরে, ততক্ষনে মৃত্যু হয়েছে বৃদ্ধের।
এমতাবস্থায় প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও আত্মীয় ও প্রতিবেশীদের মারফত খবর যায় পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় তারা। গ্রেফতার করা হয় পুত্রবধূ শিখা নস্করকে। তবে ঘটনার পর থেকেই পলাতক পুত্র। তাঁর খোঁজে চলছে তল্লাশি। আজ, বুধবার ধৃত মহিলাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশি হেফাজতের জানিয়ে।