ওঙ্কার ডেস্ক: বালোচিস্তানে বিদ্রোহীদের প্রতিরোধের মুখে পড়ে জলে যেতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরল খনিজ প্রকল্প। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে খনিজ উত্তোলনের যে পরিকল্পনা করেছিল আমেরিকা, তা আপাতত অনিশ্চিত। করাচি ও ইসলামাবাদে কাজ করা মার্কিন সংস্থা ‘ইউএস স্ট্র্যাটেজিক মেটালস’ তাদের কার্যক্রম বন্ধ করেছে বলে খবর। ঘটনায় উদ্বেগ বেড়েছে পাকিস্তান সরকারের।
পাকিস্তানের বিরল খনিজ সম্পদের বড় অংশই রয়েছে বালোচিস্তানে। কিন্তু সেই অঞ্চল দীর্ঘদিন ধরে বালোচ বিদ্রোহীদের প্রভাবাধীন। নিরাপত্তার কারণে সেখানে বিদেশি সংস্থা তো বটেই, পাকিস্তানের নিরাপত্তাবাহিনীরও অবাধ যাতায়াত কঠিন। এই পরিস্থিতিতেই বালোচিস্তানে মার্কিন সংস্থার প্রবেশ নিশ্চিত করতে পাকিস্তান ওয়াশিংটনের সঙ্গে খনিজ উত্তোলনের চুক্তি করেছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগস্টে বালোচিস্তান থেকে বিরল খনিজের প্রথম চালান আমেরিকায় পাঠানোর কথা ছিল। কিন্তু বিদ্রোহীদের প্রতিরোধে সেই উদ্যোগ আটকে যায়। অভিযোগ, খনি এলাকায় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মার্কিন সংস্থার পক্ষে সেখানে পৌঁছনো কার্যত অসম্ভব হয়ে পড়ে।
উল্লেখ্য গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির। সেই সফরে বিরল খনিজের নমুনা নিয়ে একটি স্যুটকেসও নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা যায়। ট্রাম্পকে সেই খনিজ দেখিয়েছিলেন শাহবাজ। এরপরই দুই দেশের মধ্যে বিরল খনিজ উত্তোলন নিয়ে সমঝোতা হয়।