ওঙ্কার ডেস্কঃ মুখ্যমন্ত্রীর মতোই কপ্টার সমস্যার মুখোমুখি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আগে হেলিকপ্টারের সমস্যা হয়। অভিষেকের হেলিকপ্টার ওড়ানোর অনুমতি দেয়নি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, এমন অভিযোগ তৃণমুলের। তাদের দাবি, অভিষেকের কর্মসূচি বানচালের চেষ্টা করেছে বিজেপি। পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহায়তায় একটি কপ্টার ভাড়া নেওয়া হয়েছে। তাতে করেই বীরভূমে রওনা দেন অভিষেক।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বেহালা থেকে হেলিকপ্টারে করে বীরভূম যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু পরিকল্পনা মত তা হয়নি। কারণ, কপ্টার ওড়ানোর অনুমতি মেলেনি। ফলে দুপুর পর্যন্ত বেহালা ফ্লাইং ক্লাবে কপ্টারের অপেক্ষায় বসে ছিলেন তিনি।
মঙ্গলবার রামপুরহাটের বিনোদপুরে সভা করার পর রামপুরহাট মেডিক্যালে সোনালী খাতুনের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু দুপুর দেড়টার পরেও অভিষেকের হেলিকপ্টার না ওড়ায় ক্ষোভ উগরে দেয় তৃণমূল। তাদের দাবি, যে ভাবে মুখ্যমন্ত্রীর মমতার বনগাঁ সফরের আগে সমস্যা সৃষ্টি করা হয়েছিল, ঠিক একই ভাবে অভিষেকের সফরের আগে ‘ষড়যন্ত্র’ করছে বিজেপি। সড়ক পথে বীরভূমে যাওয়ার পরিকল্পনা করলেও পরে হেমন্ত সোরেনের কাছ থেকে কপ্টার ভাড়া নেওয়া হয়।
উল্লেখ্য, কপ্টার সংস্থার লাইসেন্সে সমস্যার জন্য গত ২৫ নভেম্বর এসআইআর বিরোধী কর্মসূচিতে যোগ দিতে হেলিকপ্টারের পরিবর্তে সড়কপথে বনগাঁ যান মমতা। এসআইআর-বিরোধী সভায় বক্তৃতার শুরুতেই ওই বিষয়ে মুখ খুলেছিলেন তিনি।
